'এক কোটি ২৯ লাখ ইঁদুর মারা হয়েছে'
গত বছর ইঁদুরের কারণে ৭২৪ কোটি টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৯৩৩টি ইঁদুর মারা হয়েছে। এতে অন্তত ১৯৩ কোটি টাকার ফসল ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
আজ বুধবার রাজধানীর খামারবাড়িতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযান-২০১৪-এর সেরা ইঁদুর নিধনকারী হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষক ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক হামিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইঁদুর শুধু গ্রামের ফসলেরই ক্ষতি করে না, শহরে বৈদ্যুতিক তার এবং আসবাবেরও ক্ষতি করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু এই ইঁদুর কৃষকদের কষ্টার্জিত অনেক ফসল নষ্ট করে। তাই ইঁদুর দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব কমল কান্তি ঘোষ বলেন, ‘ইঁদুর বন্ধুর বেশে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আবার আমাদের ফসল ও খাদ্য খেয়ে নষ্ট করে। ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, আমাদের রাজনীতিতেও এ রকম ইঁদুর বন্ধুর বেশে এসে ক্ষতি করে গেছে। যেমন-মীরজাফর। এ সব ইঁদুরই আমাদের দমন করতে হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল হান্নান। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির পরিচালক আবুল কালাম আজাদ।