‘গত ১০ বছরেও নতুন বইয়ের দেখা পাইনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাইব্রেরির পাশেই বাসা থাকার কারণে গত ১০ বছরের বেশি সময় ধরে এই লাইব্রেরিতে নিয়মিত বই পড়ি। আমার আসার শুরুর দিকে যে বই দেখেছি, এখনো সেসব বই-ই দেখছি। গত ১০ বছরেও নতুন বইয়ের দেখা পাইনি।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন, গাজীপুর শহরের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র তানজীন আরেফিন।রাজধানীর অদূরে গাজীপুরের শহরতলির রথখোলা রোডে অবস্থিত গাজীপুর সরকারি গণগ্রন্থাগার। গণগ্রন্থাগারটিতে জায়গার অভাবে নতুন বইয়ের স্থান দিতে পারছে না, তেমনি জায়গার সমস্যার কারণে পাঠকদেরও বসার স্থান বাড়ানো যাচ্ছে না। ফলে গ্রন্থাগারটির পাঠকসংখ্যা দিন দিন কমে আসছে। গণগ্রন্থাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘পড়িলে বই আলোকিত হই—না পড়িলে বই অন্ধকারে রই’—এই স্লোগান নিয়ে গাজীপুর শহরের রথখোলা রোডের পাশে গাজীপুর সরকারি গণগ্রন্থাগারের যাত্রা শুরু হয়। শুরু থেকেই গ্রন্থাগারটির বিপুল পাঠক ছিল। পরবর্তী সময়ে জায়গার স্বল্পতার জন্য ভবনটি দ্বিতল করা হয়। দিন দিন গাজীপুরের লোকসংখ্যা বাড়তে থাকলেও গ্রন্থাগারের চিত্র আগের অবস্থায়ই রয়েছে। এখানে প্রতিদিন প্রত্রিকা রাখা হয় ১১টি, ম্যাগাজিন ছয়টি, সাপ্তাহিক পত্রিকা ছয়টি ও পাক্ষিক পত্রিকা রাখা হয় তিনটি। তাদের এক হিসাবে দেখা গেছে, প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন পাঠক এই গ্রন্থাগারে পত্রিকা বা বই পড়তে আসেন। এই সংখ্যা গাজীপুরের জনসংখ্যার হিসেবে খুবই নগণ্য। পাঠকদের বসার জন্য জায়গা খুবই কম থাকায় পাঠকও কম। সরেজমিনে গিয়ে দেখা গেছে, লাইব্রেরির সামনে দেওয়া সাইনবোর্ডটিতে মরচে ধরে আছে। সাইনবোর্ড দেখে প্রথমে হয়তো সবাই ধারণা করবে, এটি বন্ধ আছে। গ্রন্থাগারের সামনের খোলা জায়গায় যত্রতত্র গাড়ি পার্কিং করা হয়েছে। ভেতরে ঢুকতেই দেখা যায়, পুরোনো বইপত্রে সাজানো আছে মরচে পড়া শোকেসগুলো।কর্তৃপক্ষ জানায়, গাজীপুর গণগ্রন্থাগারের বড় সমস্যা ভবন। বেশির ভাগ জেলাতেই এক বিঘা জমিতে ভবন থাকলেও এখানে তা নেই। চলতি অর্থবছরে ইন্টারনেট সেবা চালু হয়। কিন্তু অপারেটরের অভাবে কম্পিউটার পড়ে আছে। শোকেসের অভাবে বইগুলো পড়ে আছে ফ্লোরে। বর্তমানে জনবল রয়েছে চারজন। এর স্যংখাও বাড়ানো প্রয়োজন। গ্রন্থাগারে গত ২০১০ সালের পর্যন্ত ১৯ হাজার ৩২৬টি বই ছিল। এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি ছয় হাজার ৩৩৬টি বই সংস্কৃতি মন্ত্রণালয় পাঠায়। ওই বইগুলো জায়গা ও শোকেসের অভাবে দ্বিতীয় তলায় ফ্লোরে পড়ে আছে।ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিবিএসের প্রথম বর্ষের ছাত্র সামছুল ইসলাম জানান, প্রায় দুপুরের দিকে দেড় থেকে দুই ঘণ্টা বন্ধ থাকে। পাঠকেরা বই পড়তে এসে ফিরে যায়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এলে জায়গা পাওয়া যায় না। রাণী বিলাশ মনি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম বলে, ‘এখানে উপন্যাস পড়ার জন্য আসি, কিন্তু ভালো লেখকদের বই পাই না।’ গাজীপুর গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক রুবিনা মিরাজ জানান, দীর্ঘদিন হয়েছে গাজীপুরের গ্রন্থাগারের নতুন ভবন নির্মাণের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু জায়গার অভাবে এখন পর্যন্ত ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি। আগামী জুন মাসের মধ্যে কাজ শুরু করা না গেলে ওই টাকা ফেরত যাবে। বর্তমানে গ্রন্থাগারে যে কয়টি শোকেস রয়েছে সবগুলো বইতে ভরে আছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান সারওয়ার বলেন, গাজীপুরের গ্রন্থাগারের জন্য এক বিঘা জমি প্রয়োজন কিন্তু জেলা শহরে এত জমি পাওয়া যাচ্ছে না। জমি পাওয়া গেলেই নতুন ভবন করা সম্ভব হবে।