‘গতি একটি নেশা এ নেশা পরিহার করুন’
মহাসড়কের যেখানে গতিরোধক, এখন সেখানেই আরিফুল (২৬)। নিরাপদ সড়কের দাবিতে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দেওয়ার পর এবার তিনি দেশের ৬৪টি জেলার ৩১০টি স্থানের গতিরোধকে প্রচারাভিযান শুরু করেছেন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তিনি রাজশাহীতে পৌঁছেন।গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের গতিরোধকে প্রচারাভিযান চালান আরিফুল ইসলাম। এ সময় তাঁর হাতে ছিল টোকেন। ‘গতি একটি নেশা। এ নেশা পরিহার করুন’, ‘মহাসড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন’ ইত্যাদি লেখা এসব টোকেন তিনি ধরিয়ে দিচ্ছিলেন গাড়ির চালকদের। রাজশাহী থেকে আজ বুধবার আরিফুলের নাটোর যাওয়ার কথা।আরিফুল জানান, সম্পূর্ণ পারিবারিক খরচেই এ কর্মসূচি চালাচ্ছেন তিনি। তাই টোকেন শেষ হলেই তাঁকে থামতে হচ্ছে অর্থের জন্য। তিনি বলেন, ‘একজন স্পনসর পেলে কাজটিকে আরও গতিশীল করতে পারতাম।’আরিফুলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামে। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শেষ বর্ষের ছাত্র। সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়াতে গত বছর তিনি হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পৌঁছান। একই উদ্দেশ্যে এ বছরের ৪ জুন থেকে তিনি দেশের ৬৪টি জেলায় প্রচারাভিযানে নেমেছেন। এর মধ্যে পঞ্চগড়, বগুড়া ও চট্টগ্রামের নয়টি স্থানে তিনি এ অভিযান চালিয়েছেন।