'গদি টিকিয়ে রাখতে গঠন করেছেন উপাচার্য লীগ'
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ক্যাম্পাসে নিজের গদি টিকিয়ে রাখার জন্য ‘উপাচার্য লীগ’ গঠন করেছেন বলে দাবি ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের। আর এই উপাচার্য লীগের তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় উপাচার্যের পদত্যাগের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁর দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানানো হয়।
অভিযোগের ব্যাপারে জানতে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ২৩ হাজার শিক্ষার্থীর তত্ত্বাবধান করি, নির্দিষ্ট একটা পক্ষের তত্ত্বাবধানের প্রশ্নই আসে না।’
উপাচার্যের নির্দেশের বলি সম্পর্কে সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমি কারও নির্দেশের বলি হওয়ার প্রশ্নই আসে না। আমি বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে থাকি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সহসম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, উপাচার্য চট্টগ্রাম নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের সন্তান, শ্যালিকা, দুই পুত্রবধূ থেকে শুরু করে অসংখ্য আত্মীয়স্বজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় ‘অবৈধভাবে নিয়োগ পাওয়া উপাচার্যের ছেলে ইফতেখার আরিফ ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে নিয়োগ-বাণিজ্য শুরু করেছে। ছাত্রলীগকে কোণঠাসাসহ উপাচার্যের একক আধিপত্য নিশ্চিত করতে উপাচার্য লাখ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন নিজস্ব ‘উপাচার্য লীগ’। আর এই উপাচার্য লীগের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ। উপাচার্য লীগ নিয়ন্ত্রণ করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জালাল আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক রুপম বিশ্বাস ও উপ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান।
সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ ও তাঁর দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ছাড়া আরও পাঁচ দফা দাবি জানানো হয়। এতে অন্যদের মধ্যে ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সহসভাপতি অমিত কুমার বসু, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনসহ তাঁদের অনুসারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।