'গদি দখলের লড়াইয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের ক্ষমতার লড়াইয়ে দেশের সাধারণ মানুষই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে গণতান্ত্রিক বাম মোর্চা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার মোর্চার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

মোর্চার সমন্বয়ক সাইফুল হক লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সরকারি দল যে ‘নির্বাচনী তামাশা’ করছে তার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি ‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার’ সঙ্গেও গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই।

৫ জানুয়ারির ‘ভোট ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচন রাজনৈতিক সংকটকে’ আরও প্রলম্বিত করবে বলে বাম মোর্চা মনে করে। দেশে ‘গৃহযুদ্ধাবস্থাকে’ আরও দীর্ঘায়িত করবে।

সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ এবং বিএনপির গদি দখলের লড়াইয়ে সবচেয়ে ভুক্তভোগী দেশের কোটি কোটি মানুষ। এ অবস্থা চলতে থাকলে দেশ সর্বনাশের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আটটি বাম রাজনৈতিক দলের এই মোর্চার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকী, মোশরেফা মিশু, মোশারফ হোসেন, হামিদুল হক, সিদ্দিকুর রহমান, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।