‘গভীর সমুদ্র বন্দর ফাইলবন্দী রাখা বুদ্ধিমানের কাজ নয়’
দেশে গভীর সমুদ্রবন্দর হলে পণ্য পরিবহনের নামে নাশকতামূলক কিছু হতে পারে। এটি একটি অহেতুক আতঙ্ক। তাই এ প্রকল্পের ফাইল আটকে রাখা বুদ্ধিমানের কাজ নয়।গতকাল শনিবার এ মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী। ‘শহীদ কর্নেল জামিল আহমেদ স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ তাদের নিজস্ব মিলনায়তনে ওই বক্তৃতার আয়োজন করে। সাবেক এ সেনা কর্মকর্তা ‘সিকিউরিটি আসপেক্ট অব রিজিওনাল কানেকটিভিটি অ্যান্ড ডিপ সি পোর্ট: দ্য বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন।আমিন আহমেদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দর উন্মুক্ত করে দিতে হবে। এটা আমাদের স্বার্থ, তা বুঝতে হবে। এর আগে বঙ্গোপসাগরের সীমানা নির্ধারণ এবং সংযোগ সড়কগুলো ১০ টন ওজনের লরি স্বাভাবিক গতিতে চলার উপযোগী করা জরুরি।’আমিন আহমেদের মতে, সীতাকুণ্ডের সামনে যে রাস্তা করা হয়েছে, তার কোনো মানে হয় না। এ রকম রাস্তা হলে চলবে না। এতে ব্যবসার সম্প্রসারণ হবে না। সেই সঙ্গে গভীর সমুদ্রবন্দর অন্তত ১৮ মিটার ড্রাফট করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে ওই বন্দর অকেজো হয়ে পড়বে।ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ টেনে আমিন আহমেদ চৌধুরী বলেন, ‘ভারত আমাদের ওপর যতটা নির্ভরশীল, আমরা ততটা নই। কিন্তু এর সুবিধা আমরা কখনো নিতে পারিনি। কারণ ব্যক্তিস্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমরা দেশের স্বার্থ দেখি না।’সাবেক এই সেনা কর্মকর্তা চট্টগ্রাম বন্দর থেকে চীন, আফগানিস্তান ও থাইল্যান্ড পর্যন্ত সংযোগ স্থাপনের একটি কাল্পনিক চিত্র দেখান। তিনি বলেন, এ সংযোগ স্থাপন করা গেলে এই অঞ্চলে বাংলাদেশের কদর বাড়বে। এটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে। তবে এ জন্য ভারত-পাকিস্তান-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতা ও আস্থা অর্জন করতে হবে। এটি বিশ্বব্যাংকের পরামর্শে করলে হবে না, বরং অবিশ্বাস আরও বাড়বে। নিজেদের বুদ্ধিতেই এটি করতে হবে।স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও শহীদ কর্নেল জামিল আহমেদ স্মৃতি ট্রাস্টের সভাপতি নজরুল ইসলাম। ট্রাস্টের আহ্বায়ক আহমেদ এ জামাল শুভেচ্ছা বক্তব্য দেন।