'গরবিনী মা' সম্মাননা পেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা পাওয়া ‘গরবিনী মা’, তাঁদের সন্তান ও অতিথিরা। বিশ্ব মা দিবসে আজ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের উদ্যোগে এই মায়েদের সম্মাননা জানানো হয়। এই আয়োজন ছিল রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে। ছবি: সাজিদ হোসেন
সম্মাননা পাওয়া ‘গরবিনী মা’, তাঁদের সন্তান ও অতিথিরা। বিশ্ব মা দিবসে আজ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের উদ্যোগে এই মায়েদের সম্মাননা জানানো হয়। এই আয়োজন ছিল রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে। ছবি: সাজিদ হোসেন

‘আমাকে যদি আমার জীবনের শ্রেষ্ঠ সময় সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে বলব, আজকের সকাল হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময়ের একটি অংশ; যে সকালবেলাটা আমি পার করছি সফল মায়েদের সঙ্গে।’

মা দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘আমি নিজেও এতটুকু এসেছি আমার মায়ের কল্যাণে।’ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের উদ্যোগে নয়জন মাকে এ বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, ‘মা এমন একটি অভিভূত সত্তা, যার সঙ্গে আমরা ভাষা, দেশ, পৃথিবীকে তুলনা করি; যা আমাদের আশ্রয় দেয়।’
সম্মাননা পাওয়া মায়েরা হলেন ক্রিকেটার তামিম ইকবালের মা নুসরাত জাহান ইকবাল, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের মা বেগম রৌশন আরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামের মা বেগম হালিমা খাতুন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এ বি এম খুরশীদ আলমের মা জাহানারা হক, নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষারের মা রুহিলা খাতুন, গীতিকার-লেখক ও সাংবাদিক কবির বকুলের মা নাজমা আক্তার, অভিনেতা জিয়াউল হক অপূর্বর মা ফিরোজা আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারী মমর মা আয়েশা আকতার এবং অদম্য মেধাবী মো. নাসির উদ্দিনের মা নাছিমা বেগম।
অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি বেগম হালিমা খাতুন ও জাহানারা হক। হালিমা খাতুনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর নাতনি।
সম্মাননা পাওয়ার পর মো. নাসির উদ্দিনের মা নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার সন্তানের সফলতার পেছনে আমি তাঁকে সহায়তা করেছি মাত্র।’
জাকিয়া বারী মম বলেন, ‘আমার যত সফলতা, সব আমার মায়ের। আর যত ব্যর্থতা সব আমার নিজের। মা তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি।’