'গরবিনী মা' সম্মাননা পেলেন ১০ মা
যেসব মায়ের সন্তানদের নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারে—এমন ১০ জন গরবিনী মাকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে মায়েদের এ সম্মাননা জানানো হয়। বিশ্ব মা দিবস উপলক্ষে চতুর্থবারের মতো ‘গরবিনী মা’ শিরোনামের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
সম্মাননাপ্রাপ্ত মায়েরা হলেন রাশিদা চৌধুরী, সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরিন চৌধুরী, মোসা. মন্নুজান খাতুন, রানী হামিদ, স্নিগ্ধা চন্দ, শিরীন হায়াত, নমিতা চৌধুরী ও মোসা. জহুরা বেগম।
অনুষ্ঠানে সংগীতশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চমের মা রাশিদা চৌধুরী বলেন, ‘শুধু নামকরা সন্তানের মা হলেই গরবিনী মা হওয়া যায় না। সন্তানকে ভালো মানুষ হতে হবে, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।’
মায়ের স্বীকৃতির অনুভূতি জানাতে গিয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী দুই বোনই আবেগতাড়িত হয়ে পড়েন। সামিনা চৌধুরী বলেন, ‘আমার মা একজন সংগ্রামী মা। কোনো কিছুর জন্যই তিনি কাঁদেননি, জয় করেছেন।’
সম্মাননাপ্রাপ্ত মা নমিতা চৌধুরীর ছেলে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, মায়ের এ সম্মাননা প্রাপ্তি তাঁর জীবনের সব অর্জনকে ছাপিয়ে গেছে। সঙ্গে তাঁর বাবা রাধা গোবিন্দ চৌধুরীও ছিলেন।
স্ত্রী সম্মাননা পাওয়ায় নিজের হিংসা হচ্ছে কি না, জিজ্ঞেস করলে রাধা গোবিন্দ চৌধুরী বলেন, ‘ও অনেক কষ্ট করে আট সন্তান মানুষ করেছে।’
মাকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই অশ্রু ফেলেছেন, আবার সন্তানের সঙ্গে মায়ের অম্ল-মধুর সম্পর্কও প্রকাশ পেয়েছে।
ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রর মা স্নিগ্ধা চন্দ। তিনি বলেন, ছেলে প্রকৌশলী না হয়ে সাংবাদিক হওয়ায় তিনি আজ এ সম্মান পেয়েছেন। এর চেয়ে গর্বের কিছু নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পৃথিবীতে আসার জন্য মায়ের কাছে আমরা ঋণী। মায়ের ঋণ শোধ করা যায় না, শ্রদ্ধা আর যত্নের মাধ্যমেই কেবল তাঁর স্বীকৃতি দেওয়া যায়।’
অনুষ্ঠানে মায়েদের সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও উপহার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তীসহ সম্মাননাপ্রাপ্ত মায়ের সন্তানেরা।