‘গরিবর কোনো দেশ নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতালের কারণে গরিব মানুষ আটকাইল (আটকে আছে)। দূর-দূরান্ত থাকি মানুষ আইতো পারের না। কাজে নিতো পারের না। গরিবর কোনো দেশ নাই, দল নাই। হকলে (সবাই) গরিবর কথা কয় ঠিকই। কিন্তু গরিবর কথা কেউ ভাবে না।’ক্ষোভের সঙ্গেই এই কথাগুলো বলেন দিনমজুর আবদুল হক (২৪)। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ওসমানপুরে। অন্যান্য দিনের মতো তিনিসহ শতাধিক দিনমজুর গতকাল বুধবার সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে জড়ো হয়েছিলেন। শহর ও শহরের বাইরের লোকজন এসে এখান থেকে প্রয়োজনমতো কাজের লোক নিয়ে যান। কিন্তু হরতাল থাকায় গতকাল বাইরের লোকজন আসেননি। ততক্ষণে সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেছে। আবদুল হক বলেন, ‘গতকাইল (মঙ্গলবার) ছাদ ঢালাইয়ের কাজে ৫০০ টাকা রুজি করছিলাম। কিছু টাকা বাঁচছিল। আইজ কাজ নাই। অগুইন (এগুলো) ভাঙ্গি খাইতে অইব।’ তবে দিনের আয় নিয়ে আবদুল হকের সঙ্গের অন্যরা দ্বিমত পোষণ করলেন। তাঁরা জানান, দিনে ৩০০ থেকে ৩৫০ টাকা রুজি করেন। কদাচিৎ ৫০০ টাকা আয় হয়। চুনারুঘাটের ফারুক মিয়া (৪৯) বলেন, ‘আমরারে দেশের মানুষ ভাবলে, গরিবর কথা ভাবলে কেউ এ রকম হরতাল দিতনি। কামোকাজো যাইতে পারি না। জিনিসপত্রের দাম বাড়ছে। খাইতাম কিতা (কী)! কে হরতাল দেয়। কইতামই পারি না।’ মৌলভীবাজারের রাজনগর উপজেলার জবেদ আলী (৬০) বলেন, ‘দেখলা তো, গরিব মানুষ। বই (বসে) থাকছি। গরিবর কোনোবায় (কোনো দিকেই) জান বাঁচের না। কিলা (কীভাবে) খাইতাম। খালি কয় দশ টাকায় চাউল খাইতায় খরি (করি) ভোট দিছো। অখন খাও!’এদিকে গতকাল সকালে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় রিকশাচালক আবু বকর সিদ্দিকের (২৫) সঙ্গে দেখা হতেই তাঁর প্রশ্ন, ‘আজকে (বুধবার) হরতাল নাকি। টিভি-পত্রিকা দেখি না। তাই বলতেও পারি না। এসব নিয়ে ভাবারও সময় নাই। দেশের ভালো-মন্দ বুঝব জ্ঞানী মানুষ। এরা শহরে থাকেন।’ এরপর রিকশা চালাতে চালাতে তিনি (আবু বকর সিদ্দিক) বলেন, ‘দেশে যে গণ্ডগোল লাগছে। কত মানুষ যে মরব। এসব করে শেষে কী যে হবে। কে জানে!’ মৌলভীবাজার শহরের কোর্ট রোডের চৌমোহনা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. জামাল মিয়া (৩৮) বলেন, ‘এ হরতাল জনগণের কল্যাণে নয়। হরতাল ছাড়া অহিংস পদ্ধতিতে আন্দোলন করলে মানুষ রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল থাকত। অহিংস আন্দোলন করলে দেশের ক্ষতি হতো না। সবাই সহিষ্ণু হলে দেশে গণতন্ত্র, মানবতন্ত্র প্রতিষ্ঠা হতো।’ অপর ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘ক্ষতি ছাড়া কোনো লাভ দেখি না। ব্যবসা নাই। বইয়া বইয়া দিন যার। গাড়ি জ্বালায়, বাড়ি জ্বালায়, এটা কোনো আন্দোলন অইল! হরতাল করতায় (করবেন) করো। এই যে দোকানপাট জ্বালাইছ, কিতা লাভ অইল?’