বেলা সাড়ে তিনটা। মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের পুরোনো সার্জন বাংলার কাছে বেশ কিছু ফলের ভ্যানগাড়ি দাঁড়িয়ে। ভ্যানগাড়িতে চোখকাড়া কমলা, আপেল, আঙুর, বেলসহ নানা রকমের ফল। ফলের ব্যবসায়ীরা জড়ো হয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তাঁদের কাছে গিয়ে সময় কেমন কাটছে, কথাটা তুলতেই যেন তাঁদের কথার সব বাঁধ ভেঙে যায়। ফলের ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ‘কী আর কইতাম, গরিবর মরণ আর কি! শহরে মানুষ নাই। কার কাছে বেচতাম। অন্য দিনে এত সময় পাঁচ হাজার টাকার বেচিলাইতাম। এখন ৫০০ টাকাও বেঁচতাম পাররাম না।’ফলের ব্যবসায়ীরা জানালেন, তাঁরা সাধারণত শহরের চৌমোহনা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ফল বিক্রি করেন। কিন্তু গতকাল হরতাল থাকায় সেদিকে যেতে সাহস করছেন না তাঁরা। যদি মিছিল হয়, গাড়ি ভাঙচুর করে, তাহলে সব শেষ হয়ে যাবে। কামরুল মিয়া বলেন, ‘গরিব মানুষ। হরতাল দিলেই আমরার লস।’ একই সড়কের মাতৃমঙ্গল এলাকায় ছোটা কাপড় নিয়ে বসেন কাওসার মিয়া। বিকেলে কথা হলো তাঁর সঙ্গে। ‘অন্যান্য দিন হাজার/পাঁচ শ টাকা বিকি অই যাইত এত সময়। এখন পর্যন্ত ২০০ টাকাও বেচতাম পারছি না। হরতালে লাভ না লোকসান অর বুঝতাম পাররাম না। রুজি না অইলে তো পেট চলত নায়।’ রিকশাচালক লাইবুল মিয়া বলেন, ‘বাইরের মানুষ না আইলে রুজি কেমনে অইব। বিকাল পর্যন্ত দেড় শ টাকা রুজি করছি। অন্য দিন দুই শ/আড়াই শ টাকা অই যাইত।’ ভ্যানগাড়িতে সবজি বিক্রি করেন ছায়েদ মিয়া। ফাঁকা রাস্তায় বাঁধাকপি ও কাঁচামরিচ নিয়ে এলোমেলো ভ্যান নিয়ে ঘুরছেন। বিক্রি কেমন, জানতে চাইলেই বললেন, ‘বেচাকিনি নাই। এক হাজার টাকার মাল লইছি। আস্তা চালানই রইছে।’শহরের সবচেয়ে ব্যস্ত বেচাকেনার জায়গা হচ্ছে পশ্চিমবাজার। মাছ ও কাঁচাবাজারে প্রায় সারাক্ষণই লোকজন গিজগিজ করে। কিন্তু গতকাল যেমন কাঁচাবাজার, তেমনি মাছের বাজারও ছিল ফাঁকা। ছিটেফোঁটা এক-দুজন লোক ঘোরাফেরা করছে, কেনাকাটা করছে। বাজারের মাছব্যবসায়ী আবদুল আজিজ জানালেন, তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মার্কুলি থেকে গতকাল সকালে সাত হাজার টাকার বিভিন্ন জাতের মাছ নিয়ে এসেছেন। আজিজ বললেন, ‘বাজারও মানুষ নাই। লসে আছি।’ পশ্চিমবাজারের কাঁচামালের স্থায়ী ব্যবসায়ী শফিক মিয়া বললেন, ‘বাজার একবারে নিরাই (শান্ত), ঠান্ডা। ডরে কেউ টাউনেই আইছে না। তিনি জানান, তাঁর ঘর ভাড়া, অন্যান্য খরচসহ কম করেও ৫০০ টাকা ক্ষতি হবে। শুধু শফিক মিয়াই নন, এখানে এ রকম শতাধিক ব্যবসায়ী আছেন। তাঁদের প্রায় সবাই জানিয়েছেন, তাঁদের প্রত্যেকেরই এ রকম ক্ষতি হয়েছে। শহরের কুসুমবাগ এলাকায় রাস্তার পাশে বসে জুতা সেলাই করেন শম্ভু ঋষি। মনটা খারাপ তাঁর। তিনি জানান, প্রতিদিন যা আয় হয়, তা-ই দিয়ে চালসহ অন্য দরকারি জিনিস কিনে ঘরে যান। পান-দোকানদার দীলিপ চন্দ্র রায় জানান, গতকাল তাঁর ব্যবসা একেবারেই মন্দা গেছে। তাঁর প্রতিদিনের বিক্রি প্রায় দুই থেকে তিন হাজার টাকা। গতকাল বিকেল পর্যন্ত তিনি ৩০০ টাকাও বিক্রি করতে পারেননি।মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে গতকাল সকাল ১০টায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীদের মধ্যে তর্ক চলছে। চালক চাঁদনীঘাট থেকে রাজনগরের ভাড়া ১৫ টাকার জায়গায় ২০ টাকা দাবি করছেন। যাত্রীর দাবি, ‘হরতাল বলে বেশি ভাড়া চাইবেন কেন! গাড়ি বের না করলেই পারতেন।’ চালকের সাফ জবাব, ‘গেলে ২০ টাকা লাগব। পোষাইলে ওঠেন।’