'গরিবের আবার ইফতার!'
‘গরিবের আবার ইফতার! নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে তিন বেলা খাবার কেনাই কষ্টকর! ভালো ইফতারি কেনার সাধ্য তো আমাদের নেই। ফুটপাত থেকে যা কিনতে পারি, তাতেই আমাদের আনন্দ।’ কী দিয়ে ইফতার সারেন—এমন প্রশ্ন করতেই আক্ষেপ প্রকাশ করে কথাগুলো বলেন সবজি বিক্রেতা তোজাম্মেল হোসেন। বাড়ি উপজেলার টোপাগাড়ী গ্রামে। মহাস্থান বাজারে নিয়মিত সবজি বিক্রি করেন তিনি।
তোজাম্মেলের মতো বহু শ্রমজীবী মানুষ প্রতিদিন ইফতার সারেন সড়কের পাশে ফুটপাতে। সামান্য মুড়ি, ছোলা, পেঁয়াজু আর পানিই তাঁদের ভরসা।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার মহাস্থান বাজার, মোকামতলা বাজার ও নাগর বন্দর এলাকা ঘুরে ২০-২৫ জন শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে একই রকম চিত্র পাওয়া গেছে। তাঁরা জানান, কষ্ট হলেও ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত ব্যয় করেন ইফতারি কিনতে। তবে যেদিন আয় ভালো হয়, সেদিন ইফতারি পদের পরিমাণ একটু বেড়ে যায়। তাঁদের ভরসা ফুটপাতের দোকান। ইফতারি কেনার সামর্থ্য না থাকায় অনেকে ভিড় জমান মসজিদে।
মহাস্থান বাজারে ফল বিক্রেতা আবদুল কাদের বলেন, ‘যখন চারিদেকে সবাই ইফতার করে, তখন তো হামি বস্যা থাকপার পারি না। কষ্ট হলেও ইফতারি কিনি।’ কত টাকা ব্যয় হয় ইফতারি কিনতে—জবাবে তিনি জানান, ১০ টাকা থেকে ১৫ টাকার বেশি খরচ করতে পারেন না তিনি।
পাশে বসে থাকা পান বিক্রেতা আফজাল হোসেন বলেন, ‘বাড়িত চারডা মুখ হামার দিকিন ত্যাকা থাকে। ইফতারে তাই বেশি ট্যাকা খরচ করবার পারি ন্যা।’