‘গরিবের হাসপাতাল’ এবার জাতীয় পুরস্কার পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত ভোগতেরা কমিউনিটি ক্লিনিক জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ’ ক্লিনিক হিসেবে পুরস্কার পাচ্ছে। ১৬ জুলাই সকাল ১০টায় ঢাকার ওসমানী সঞ্চৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার দেবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৪ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস স্বাক্ষরিত একটি চিঠিতে ভোগতেরা কমিউনিটি ক্লিনিককে পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি গ্রুপের সভাপতি, ক্লিনিকের ভূমিদাতা, স্বাস্থ্যসেবা সহায়তাকারী, স্বাস্থ্য সহকারী এবং পরিবারকল্যাণ সহকারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। ক্লিনিকটির অবস্থান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে। ক্লিনিক নিয়ে গত ১৬ মার্চ প্রথম আলোয় ‘গরিবের হাসপাতাল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেন চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।