'গরুতে বিদেশ নির্ভরতা কাটানোর উদ্যোগ নিচ্ছে সরকার'
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, এবারের মতো আগামী বছরগুলোর কোরবানি হাটে নিজস্ব গবাদিপশু দিয়ে চাহিদা পূরণ করা হবে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতসহ অন্য কোনো দেশ থেকে যাতে গরু আনতে না হয়। দেশ যাতে গরু লালন-পালন ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে সেই উদ্যোগও নেওয়া হবে।
নারায়ণ চন্দ্র বলেন, ‘কৃষকদের প্রণোদনা দিয়ে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সরকারের প্রাথমিক লক্ষ্য। মাছের মতো গরুর মাংসও যাতে বাংলাদেশ রপ্তানি করতে পারে। সে জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেবে সরকার।’ তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গরুর জন্য বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে আসা ও উৎপাদন বৃদ্ধির জন্য একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারকে অনুরোধ করবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের কোরবানিতে ভারত গরু আসেনি এবং আমরাও আনিনি। আমাদের দেশের খামারিরাই শতভাগ চাহিদা পূরণ করেছে। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’