‘আজ আমরা নতুন দেশ পাইচি। আগে এই পতাকা আমাদের ছিল না। আজ হইল। এখন গর্ব করে বলতে পারব, আমরা বাংলাদেশি। আমার এই আনন্দের কথা বলে বোঝাতে পারব না।’ আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিল ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৯ নম্বর বড়খানকি খারিজা গিদালদহ ছিটমহলের মিজানুর রহমানের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাসরাফি নাজনীন।
গতকাল শনিবার সকালে এই ছিটমহলসহ চারটি ছিটমহলে (প্রতিটি ছিটমহল একেকটি গ্রাম) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান হয়। মূল কর্মসূচি পালিত হয় ২৯ নম্বর বড়খানকি খারিজা গিদালদহ গ্রামে। নীলফামারী-১ আসনের সাংসদ মো. আফতাব উদ্দিন সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অন্য গ্রামগুলো হলো ২৮ নম্বর বড়খানকি গিদালদহ, ৩০ নম্বর বড়খানকি খারিজা গিদালদহ ও ৩১ নম্বর বড়খানকি নগর জিগাবাড়ি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেখানে পতাকা উত্তোলন করে সবাই সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। সেখানেই এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় নাজনীনের। মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা জড়িয়ে ছোটাছুটি করছিল সে।
নাজনীন জানায়, সে ডিমলা জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ে মিথ্যা পরিচয়ে লেখাপড়া করে। তার বাবাও মিথ্যা পরিচয়ে এত দিন সেখানে শিক্ষকতা করেছেন। এখন তাদের আর মিথ্যা পরিচয় দিতে হবে না।
আরও কথা হয় একই গ্রামের মেয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী হালিমা আক্তার, প্রথম বর্ষের ছাত্রী শাহিনা নাজনীন, বিএ প্রথম বর্ষের ছাত্রী রাবেয়া সুলতানাসহ কয়েকজনের সঙ্গে। তারা সবাই জাতীয় পতাকা মাথায় বেঁধে চারদিকে ছোটাছুটি করছিল। হালিমা আক্তার বলে, ‘আমরা সারা রাত জেগে আনন্দ করেছি। রং খেলেছি, আতশবাজি করেছি, আজ আমরা ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ পাচ্ছি।’
রাবেয়া সুলতানা বলেন, ‘এই গ্রামে কোনো স্কুল-কলেজ নেই। বিদ্যুৎ নেই, রাস্তাঘাট নেই, পুল-কালভার্টও নেই। গ্রামের ছেলেমেয়েদের ৭ থেকে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুল-কলেজে যেতে হয়। এর মধ্যে তিন কিলোমিটার পথ হেঁটে যেতেই হবে।’
গ্রামের কৃষক আবু আক্তার সিদ্দিক (৩০) বলেন, ‘আগত (আগে) আশপাশে স্কুল আচলো (ছিল) না। এই জন্য লেখাপড়া করি নাই। এখন বাংলাদেশ হইছে। স্কুল-কলেজ, রাস্তা হইবে। হামার ছাওয়াপাওয়াক (ছেলেমেয়ে) লেখাপড়া শেখামো। আগত হামাক আজোয়ার কইত, এখন বাংলাদেশি হয়া খুব ভালো লাগেছে, আর হামাক কাও আজোয়ার কইবে না।’
২৮ নম্বর ছিটমহল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের এই চারটি সাবেক ছিটমহলে গতকাল থেকে আনন্দের বন্যা বইছে। রাতভর গান-বাজনা, রং খেলে আতশবাজি করে সবাই আনন্দে ভাসছে। আজ (শনিবার) দুপুরে আমরা এই গ্রামের ২৫টি পরিবারের ১১২ জন একসঙ্গে খাব। এ জন্য রান্নাবান্না চলছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান, সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান, উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম প্রমুখ।