‘গলাকাটা প্রবেশপত্র’র প্রতারণার শিকার এবার শতাধিক পরীক্ষার্থী!
কিশোরগঞ্জের বাজিতপুরের একজন ছাত্রী এসএসসির নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারায়। একদিন সহপাঠীর মাধ্যমে জানতে পারে, কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম উচ্চবিদ্যালয় থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।তবে সেটি বৈধ প্রক্রিয়ায় নয়, নিবন্ধন ও প্রবেশপত্র জালিয়াতির মাধ্যমে। বড় অঙ্কের টাকার বিনিময়ে ছাত্রীটি সেই সুযোগ নেয়। প্রবেশপত্র সংগ্রহ করতে মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে সে দেখে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক নেই। বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। বিকেল পর্যন্ত অপেক্ষা করেও সে প্রবেশপত্র পায়নি। সেই থেকে ছাত্রীটি বিছানায়।শুধু ওই ছাত্রী নয়, প্রধান শিক্ষকের জালিয়াতির কারণে শতাধিক শিক্ষার্থী গতকাল বুধবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। ক্ষোভে পরীক্ষা-বঞ্চিত শিক্ষার্থীরা গতকাল ও তার আগের দিন আবুল কাসেম উচ্চবিদ্যালয়ে ভাঙচুর চালায় ও মিছিল করে। তারা প্রতারণার বিচারের দাবি করে।পরীক্ষা দিতে না পারা বাজিতপুরের ওই ছাত্রী বলে, ‘আমি আমার বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হতে পারিনি বলে ১১ হাজার টাকায় আবুল কাসেম উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে প্রতারণার শিকার হয়েছি।’পরীক্ষা দিতে না পেরে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি গ্রামের তিন শিক্ষার্থী। এদের একজন বলে, ‘সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রতারণার কারণে আজ আমার পরীক্ষা দেওয়া হলো না। এই কষ্ট জীবন থেকে মুছে যাওয়ার নয়।’এলাকাবাসী জানায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায় ১৯৯৬ সালে। জমিদাতা স্থানীয় কাসেম আলী। তিনিই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নীতিনির্ধারক।বিদ্যালয় সূত্র জানায়, এবার এই বিদ্যালয় থেকে ১৬৭ জনের ফরম পূরণ করা হয়েছে। তবে টাকা নেওয়া হয়েছে এমন ১০০ জনের মতো শিক্ষার্থীর কোনো ব্যবস্থা করা যায়নি। এলাকাবাসীর দাবি, ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে স্কুলটির বৈধ পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৪৩ জন। অন্যরা ভুয়া নিবন্ধনের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নেত্রকোনাসহ আশপাশের কমপক্ষে সাতটি জেলার শিক্ষার্থীরা এখানে আসে। বিভিন্ন বিদ্যালয়ের নানা কারণে ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীদের একটি অংশ প্রবেশপত্র ও নিবন্ধন জালিয়াতির ফাঁদে পড়ে এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষার্থী জোগাড় করার জন্য বিভিন্ন বিদ্যালয়ে চুক্তি করা আছে। কমিশনের বিনিময়ে অনেক শিক্ষক শিক্ষার্থী পাঠান।সময়মতো প্রবেশপত্র না পাওয়া, পরীক্ষাকেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী প্রমাণিত হওয়া বিদ্যালয়টির আলাদা পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বিদ্যালয়টিকে স্থানীয় লোকজন গলাকাটা প্রবেশপত্রের কারখানা হিসেবে জানে।আগের বছর গলাকাটা প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে চার শিক্ষার্থী। তার আগের বছর আরও দুই পরীক্ষার্থী একই কারণে বহিষ্কৃত হয়।এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির স্বীকৃতি বাতিল করে। পরে আবার স্বীকৃতি বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে, ঢাকা শিক্ষা বোর্ডের একটি অসাধু চক্রের সঙ্গে আবুল কাসেমের ভালো যোগাযোগ রয়েছে। কিছু ভুয়া নাম দিয়ে তিনি নিবন্ধন নম্বর করিয়ে রাখেন। পরে ওই নিবন্ধনের সূত্র ধরে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ভুয়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। পরে যারা কৃতকার্য হয়, এফিডেভিটের মাধ্যমে নামের ভুলের সংশোধন করা হয়।আবুল কাসেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দুই দিন ধরে তাঁর ব্যবহূত মুঠোফোন দুটি বন্ধ ছিল।কুলিয়ারচর উপজেলা ইউএনও অতিরিক্ত দায়িত্বে থাকা মো. খোরশেদ আলম বলেন, প্রধান শিক্ষকের প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। শেষ বেলায় কিছু শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়ায় গতকাল প্রশ্নপত্র কম পড়ে। পরে বিশেষভাবে সমস্যার সমাধান করা হয়।