'গলাটা ভালো না, তার পরও চেষ্টা করে দেখছি'
‘গলাটা ভালো না, তার পরও চেষ্টা করে দেখছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য’—এমন কথা বলে গান গেয়ে শোনালেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন এই মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মহসীন আলী প্রথমে রাজনৈতিক কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি উপস্থিত জনতাকে নিজেই গান গেয়ে শোনানোর কথা বলেন। এরপর তিনি ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা’ এবং ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে...’ দুটি গানের দুই-তিন লাইন গেয়ে শোনান।
এরপর শ্রোতারা মন্ত্রীকে আরও গান গেয়ে শোনানোর অনুরোধ করলে মন্ত্রী বাদ্যযন্ত্র দিতে বলেন। এরপর তিনি ‘আমি এক যাযাবর...’ এবং ‘শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে...’ গানটি গেয়ে শোনান। এ সময় উপস্থিত অতিথিরা হাততালি দিয়ে মন্ত্রীকে উৎসাহ জোগান।
এর আগেও মন্ত্রী নিজের মেয়ের বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে শোনান।