‘গাঙ্গে আকাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর গড়িয়ে প্রায় বিকেল। জাল ফেলে তিন ঘণ্টা ধরে ঘাটে অপেক্ষা করছেন জেলেরা। কয়েকজন নিজেদের মধ্যে কথা বলছেন। তাঁদের মধ্যে দুজন মাছের পাইকার ও ১০-১২ জন স্থানীয় জেলে। সবার চোখেমুখে হতাশা। তাকিয়ে আছেন নদীর দিকে, বিষখালী নদীতে কখন ভাটির টান লাগবে। কেননা, জোয়ার-ভাটার সঙ্গে জড়িয়ে আছে এই মানুষগুলোর জীবন ও জীবিকা।জোয়ারে তাঁরা নদীতে জাল ফেলেন, আবার ভাটিতে তোলেন। যেদিন জালে মাছ ওঠে, সেদিন ছেলেপুলেদের মুখে দু-মুঠো আহার তুলে দিতে পারেন। যেদিন ওঠে না, সেদিন প্রায় অনাহার বা অর্ধাহারে কাটাতে হয়। এভাবে নদীর সঙ্গে মিশে আছে উপকূলের অগণিত জেলের জীবনচক্র। সম্প্রতি বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া এলাকায় গিয়ে কথা হয় কয়েকজন জেলের সঙ্গে। দেখতে দেখতে বিষখালী নদীতে ভাটা শুরু হয়। কথা থামিয়ে ছোট ছোট নৌকা নিয়ে জাল তুলতে রওনা হন জেলেরা।ছগির হোসেন নামের মাঝবয়সী এক জেলে গালে হাত দিয়ে তাকিয়ে ছিলেন নদীর দিকে। কথা বলে জানা গেল, ছগিরের একমাত্র সম্বল ছোট নৌকা ও জাল সিডরে হারিয়ে গেছে। তারপর ধার-দেনা করে আবার নতুন জাল-নৌকা বানিয়েছেন। ঋণের কিস্তি, পাঁচ সদস্যের পরিবারের ভরণ-পোষণ মিলিয়ে আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। ছগির হতাশার সুরে বললেন, ‘গাঙ্গে মাছ-পোনা নাই। দুই মাস ধইর‌্যা কিস্তি দিতে পারি না। পোলাপানের মোহে দুগ্গা ভাতও ঠিকমতো দেতে পারি না। কী যে হরমু, কইতে পারি না।’লতাবাড়িয়া, বরইতলা ও মাছখালী—পাশাপাশি তিনটি গ্রাম। বিষখালী নদীর তীরের এসব গ্রামে বাস করে প্রায় সাড়ে তিন হাজার জেলেপরিবার। তারা কেউ বঙ্গোপসাগরে যায় না। বিষখালী নদীতে খুঁটা জাল, সাইন, বেহেন্দি ও ফাইল্লা জাল দিয়ে মাছ ধরেই চলে তাদের জীবন-জীবিকা।প্রান্তিক এই জেলেদের জীবন বড়ই জটিল। ১২ থেকে ১৮ হাত দীর্ঘ একেকটা নৌকায় কমপক্ষে চারজন খাটেন। তাঁদের একজন মালিক, বাকিরা শ্রমের ভাগীদার। প্রতিদিন মাছ বেচে যে আয় হয়, তার অর্ধেক পান মালিক, বাকি অর্ধেক ভাগ করে নেন তিনজন। এভাবে ভাগাভাগির জটিল হিসাবের মতোই দরিদ্র এই জেলেদের জীবন ঘুরপাক খায়।জেলে আ. রব (৫৫) হতাশ কণ্ঠে বললেন, ‘গাঙ্গে কোনো মাছ-পোনা নাই, হ্যারপর বাজার-সওদার যে দাম বাড়ছে, হ্যাতে মোগো বাঁচনের কোনো রাস্তা দেহি না। এহন বউ-বাচ্চা লইয়্যা না খাইয়্যা মরণের জোগাড়।’ আ. রব আরও বললেন, ‘আগে এই সিজনে গাঙ্গে জাল পাতলে পাঁচ-সাতজনে মিইল্লা জাল উডাইতে পারতাম না। ইলশা, পোয়া, গুলিশা—কত্তো রহমের মাছ। এই তিন-চাইর বছর ধইর‌্যা মাছের এমন আকাল শুরু অইছে যে দিন-রাইতের দুই জোয়ারে গাঙ্গে জাল পাতলে যে মাছ ওডে, হেইয়্যা দিয়া দুই কেজি চাইলের টাকা অয় না। মোর জীবনে মাছের এমন আকাল আর দেহি নায়।’জেলে আসলাম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘বাপ-দাদার আমল অইতে গাঙ্গে কাম করি। এহন অন্য কাম হরমু, হেইয়্যাও পারি না। কারণ অন্য কোনো কাম তো মোরা শিখি নায়। ক্যামনে যে বাইচ্চা থাকমু, কইতে পারি না।’ আসলামের দীর্ঘশ্বাস মিলিয়ে যেতে না-যেতেই নৌকাগুলো ঘাটে ভিড়তে থাকে। অল্প কয়েকটা মাছ নিয়ে জেলেরা নিরাশ মুখে কিনারে অপেক্ষমাণ পাইকারের দিকে এগিয়ে আসেন। সবার মুখে একই হতাশার কথা, ‘গাঙ্গে আকাল লাগছে।’জেলে আ. রহিম বললেন, ‘হারা দিন গাঙ্গে খাইট্টা আইজ ২৫ টাহা ভাগে পাইছি। চাইরজনের সংসারে দৈনিক আড়াই কেজি চাইল লাগে। এহন কন, কী দিয়া চাউল কিনমু, আর কী দিয়া বাজার-সওদা করমু?’বিষখালীর তীরে জেলেপল্লির পোড়খাওয়া নিঃস্ব এই জেলেদের জীবনসংগ্রাম আর মানবেতর জীবনের কাব্য যেন শেষ হতে চায় না। তাদের দীর্ঘশ্বাসও যেন ফুরায় না। তাদের করুণ আকুতি আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের এই দৃশ্য শুধুই ভারাক্রান্ত করে।