‘গাছ কেটে নয়, বিকল্প উপায়ে সড়ক চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাছ কেটে নয়, বিকল্প উপায়ে সড়ক চাই’ দাবিতে গতকাল বুধবার ভোলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভোলা শহরে মিছিল ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। ভোলা সুশীল সমাজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। বন মন্ত্রণালয় চর কুকরিমুকরিতে বনের ১৫ হাজার গাছ কেটে আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে। গতকাল তারই প্রতিবাদে জেলা ছাত্র ইউনিয়ন ও সুশীল সমাজের আহ্বানে মানববন্ধন, মিছিল-সমাবেশ হয়। এতে ছাত্র-শিক্ষক-পেশাজীবী লোকজন অংশ নেন। সমাবেশে বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সুশীল সমাজের আহ্বায়ক নজরুল হক, ছাত্র ইউনিয়নের আবদুর রহিম, সোহেল প্রমুখ। বক্তারা বলেন, ২০ হাজার মানুষের যাতায়াতের জন্য অবশ্যই সড়ক নির্মাণ করা জরুরি। তবে তা বনের মধ্যে দিয়ে নয়, বনের বাইরে যে শূন্য জমি আছে সেখান দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করতে হবে।