‘গাছ তো কোনো দোষ করেনি’
মাগুরা পৌরসভার শিবরামপুর গ্রামে গত মঙ্গলবার এক কৃষকের প্রায় দেড় একর জমির পেঁপে ও কুমড়াগাছ কেটে ফেলেছেন ওই জমির মালিকানা দাবিদার ব্যক্তিরা এবং তাঁদের ভাড়াটে লোকজন। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম কাজী সাইফুল ইসলাম। তিনি জেলা কৃষক সংগ্রাম সমিতির দপ্তর সম্পাদক।শিবরামপুর গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ‘জমির মালিক যে-ই হোক, গাছ তো কোনো দোষ করেনি। এতগুলো গাছকে কেন হত্যা করা হলো?’স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইফুল (৫৪) পৈতৃক সূত্রে পাওয়া বাড়ির পাশে এক একর ৩৫ শতাংশ জমি অন্তত ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমির পাশেই তাঁর বসতবাড়ি। সাইফুলের পাঁচ মেয়ে পড়ালেখা করে। জমির ওপর নির্ভর করেই তাঁর সংসার চলে। বছর দুই আগে তিনি জমিতে সহস্রাধিক পেঁপেগাছ লাগান। পেঁপে খেতে সাথি-ফসল হিসেবে মিষ্টি কুমড়ার আবাদ করেন। গাছে প্রচুর পেঁপে ধরেছিল। খেত ভরে গিয়েছিল মিষ্টি কুমড়ায়। অল্প কিছু পেঁপে ও কুমড়া তিনি বিক্রিও করেছেন। হঠাৎ গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ২৫-৩০ জন লোক ওই জমিতে ঢুকে পেঁপেগাছগুলো মাঝখানে কেটে ফেলে। দুর্বৃত্তরা কুমড়াগাছও উপড়ে ফেলে। এ সময় তারা অধিকাংশ কুমড়া ও পেঁপে বস্তায় ভরে নিয়ে যায়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বামী-স্ত্রী খেতে বসে কাঁদছেন। এলাকার লোকজন তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। সাইফুলের স্ত্রী পারভীনা বেগম (৪২) বলেন, ‘চোখের সামনে ওরা আমার স্বপ্ন ধ্বংস করে দিল। অথচ আমি কিছুই করতে পারলাম না। ওদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। আমি মেয়েগুলোকে নিয়ে এখন কী করে বাঁচব?’প্রতিবেশী ছিয়ারন বিবি (৭০) বলেন, ‘এই জমির ওপরই উরা বাঁচে আছে। এহন এগের কী উপাই! মানষির মধ্যি এটটুও মনুষ্যত্ব থাকলি এরম কাজ করতি পারত না। ইস্, কাটা গাছগুলো দেখলি চোখি পানি চলে আসে।’ক্ষতিগ্রস্ত সাইফুল প্রথম আলোকে বলেন, ‘জমিটি আমার পৈতৃক। তবে ১৯৬২ সালের রেকর্ড আমাদের অজান্তে অন্যের নামে হয়ে যায়। এ ব্যাপারে আদালতে মামলা করেছি। মামলাটি বিচারাধীন। হঠাৎ করে গ্রামের লুৎফর রহমান, খবির বিশ্বাস ও বটু বিশ্বাস জমির মালিকানা দাবি করছেন। এঁরা সম্পর্কে আপন ভাই। আমাকে তাঁরা জমির দখল ছেড়ে দিতে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। মঙ্গলবার সকালে তাঁরা তিন ভাই, তাঁদের ছেলেরা ও ভাড়াটে লোকজন আমার জমির পেঁপে ও কুমড়াগাছ কেটে ফেলে।’অভিযোগের কথা স্বীকার করে বটু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কাজটি ঠিক হয়নি।’ তিনি দাবি করেন, সাত-আট বছর আগে ওই জমি সৈয়দ আবদুর রউফ নামের এক ব্যক্তির কাছ থেকে তাঁর প্রবাসী ভাই আজমির বিশ্বাস ও লুৎফর রহমান কেনেন। দীর্ঘদিন ধরে ওই জমির বর্গাদার হিসেবে ভোগদখল করছিলেন সাইফুল। মামলায় তিনি (সাইফুল) হেরে গেছেন। কিন্তু এখনো জমি ছাড়ছেন না। তাই উচ্ছেদের জন্য ওই কাজ করতে তাঁরা বাধ্য হয়েছেন।তবে শিবরামপুর গ্রামের আতিয়ার রহমান, রাশেদ মল্লিকসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সাইফুলকে ওই জমি ভোগদখল করতে দেখছেন। ওই জমি সাইফুলের পৈতৃক।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর হোসেন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় থানায় মামলা করতে কেউ আসেনি। তবে ঘটনাটি তিনি শুনেছেন।