'গাছের গায়ে বিজ্ঞাপন নয়'

‘গাছেরও আছে প্রাণ, ব্যথার অনুভূতি তারও সমান’ স্লোগানে ধানমন্ডি লেকের আশপাশের রাস্তার গাছগুলোতে থাকা পেরেক আর তারকাঁটাবিদ্ধ বিজ্ঞাপন আজ অপসারণ করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। তাঁরা ধানমন্ডি এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী।
শুধু পেরেক-তারকাঁটা সরানো নয়, গাছের গায়ে সবুজ ফিতা বেঁধে দেওয়া হয়েছে যাতে লেখা রয়েছে, ‘আজ থেকে এই গাছ বিজ্ঞাপন-মুক্ত’। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা এ কাজ করে ধানমন্ডির পরিবেশ সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
অভিনব এ কর্মসূচির উদ্যোক্তা পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে এমন সংগঠন ‘সবুজপাতা’ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সবুজপাতার উদ্যোক্তা শাহেদ আলম জানান, রাজধানী ঢাকাকে ছয়টি অঞ্চলে ভাগ করে এই কর্মসূচি চলতে থাকবে। তবে আজ বেশির ভাগ শিক্ষার্থী ফেসবুক থেকে তথ্য জেনে অনুষ্ঠানে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। ধানমন্ডিকে ১০টি জোনে ভাগ করে এই কাজ করেন তাঁরা। অনুষ্ঠানে শ পাঁচেক শিক্ষার্থী সবুজ কার্যক্রমের সঙ্গে সারা জীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তাঁরা শপথ করেন, জীবনে কখনো সবুজের ক্ষতি করবেন না। কখনও নদীদূষণ করবেন না।
অনুষ্ঠানে অংশ নিয়ে বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, ‘তরুণেরা এই শহরের জন্য কাজ শুরু করেছে। সেরা শহরের তালিকায় শেষের দিকে নয়, আমরা প্রথম দিকে যেতে পারব।’