'গাজায় মানবতাবিরোধী অপরাধ আমলে নিন'
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ আমলে নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷
গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘অবরুদ্ধ প্যালেস্টাইনে গণহত্যা: বাংলাদেশ ও বিশ্ববিবেক’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান৷
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বলা হচ্ছে, গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সৈন্যরা যে সহিংসতা চালাচ্ছে, তা স্পষ্টতই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ৷ তাই এসব অপরাধ আমলে নেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি৷’ এ জন্য রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে তৈরি আছে বলেও জানান তিনি৷
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের এম এইচ আবুইয়াদা বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থান নিয়েছেন, তাতে করে সব ফিলিস্তিনির পক্ষ থেকে আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ উল্লেখ করেন শায়ের। যেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সেদিন মার্কিন রাষ্ট্রদূতের সামনেই প্রধানমন্ত্রী বলেছেন, এ হামলার জন্য আমরা শুধু ইসরায়েলকে দোষ দিতে চাই না। মার্কিনদের সমর্থন না থাকলে ইসরায়েল এ ধরনের হামলা চালাতে পারে না।’
বাংলাদেশের মতো আরব বিশ্বের দেশগুলো থেকে এ রকম সমর্থন পেলে সহজেই ইসরায়েলিদের পরাভূত করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শায়ের আরও বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থ, ওষুধপত্রসহ নানা রকম সাহায্য করতে চায়।
এভাবে এ পর্যন্ত বাংলাদেশিরা তিন লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ফিলিস্তিনিদের জন্য দিয়েছেন বলেও জানান তিনি।
নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, আইনবিষয়ক সম্পাদক তুরিন আফরোজ, সহসভাপতি মুনতাসীর মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন প্রমুখ।