'গাজায় হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াও'

‘বিশ্ব মোড়ল চুপ করে আছে, দু চোখে ছেঁয়েছে ধূলি, ধোঁয়ায় ছেঁয়েছে গাজার আকাশ ক্ষেপণাস্ত্রের বলি’—এমন গানে, স্লোগানে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ-প্যালেস্টাইন সংহতি পরিষদ।
গতকাল বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ থেকে গাজায় হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ইসরাইলিরা গাজায় হামলা করে নিরীহ মানুষদের হত্যা করছে, নারী-শিশুরাও এই হামলা থেকে রক্ষা পাচ্ছে না। বিশ্ববাসী অবিলম্বে রুখে না দাঁড়ালে গাজায় আরও অনেক নিরীহ মানুষ মারা যাবে।
বাংলাদেশ-প্যালেস্টাইন সংহতি পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কে এম সাদউদ্দিন বলেন, জনমতের চেয়ে বড় কিছু নেই। ইসরাইলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গাজায় হামলাকে ইসরাইলি বাহিনীর চাপিয়ে দেওয়া ‘একতরফা যুদ্ধ’ আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ইসরাইলিরা তিনজন ইসরাইলিকে হত্যার প্রতিশোধের কথা বলছে, সেটি হামলার অজুহাতমাত্র।
সংহতি পরিষদের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে একটি স্মারকলিপি পাঠানোর কথা জানান আয়োজকেরা। সমাবেশে স্মারকলিপিটির বাংলা প্রতিলিপি পাঠ করেন অধ্যাপক কে এম সাদউদ্দিন। তাতে বলা হয়, পশ্চিমা সাম্রাজ্যবাদী জোটগুলোর প্রত্যক্ষ মদদ ও যোগসাজশে গাজায় হামলা করেছে ইসরাইলি বাহিনী।
স্মারকলিপিতে পাঁচটি প্রস্তাব তুলে ধরা হয়, এর মধ্যে দ্রুত হামলা বন্ধ ও যুদ্ধবিরতি ঘোষণা, ইসরাইলিদের প্রতি ইঙ্গ-মার্কিন সমর্থন বন্ধ, গাজায় হতাহত ব্যক্তিদের জন্য ত্রাণ ও চিকিৎসা-সাহায্য প্রেরণ এবং বাংলাদেশ সরকারকে এই হামলার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়।
অধ্যাপক এম এম আকাশের সঞ্চালনায় সমাবেশে আরও অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদের সাংসদ নাজমুল হক প্রধান, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক এম এ মতিন, সিপিবির রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে ফকির আলমগীরের ঋষিজ শিল্পী গোষ্ঠী।
সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করা হয়। তা টিএসসিতে গিয়ে শেষ হয়।