'গাজী কালু চম্পাবতী' নাটকে মোহিত দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নে এক দরবেশের উপদেশ পেয়ে মানুষের হিত সাধনে বেরিয়ে পড়লেন রাজপুত্র। একমাত্র সঙ্গী নিজের ছোট ভাই, যিনি আপন ভাই নন। এরপর এক রাজকন্যার সঙ্গে রাজপুত্রের প্রেম-রোমাঞ্চ ও পরিণতি। মঞ্চে নাটকের কাহিনি এগিয়ে যায়, সামনে হাজারো মোহিত দর্শক।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠের ‘অনির্বাণ একুশে নাট্যমেলা, ২০১৭’ এখন বিনোদনপ্রেমী মানুষের কাছে এমনই এক প্রাণের মেলায় পরিণত হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটছে। তাঁরা উপভোগ করছেন নিত্যনতুন মঞ্চনাটক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
উৎসবের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার রাতে মঞ্চস্থ হয় ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির নাটক গাজী কালু চম্পাবতী। আব্দুস শহীদ মিঠু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নাজিম উদ্দিন জুলিয়াস।
নির্দেশক বলেন, নাটকের গল্পটি ঝিনাইদহের বারবাজার এলাকার প্রচলিত লোককাহিনি থেকে নেওয়া। নাটকটিতে রূপকভাবে বর্তমান সমাজের অনেক অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
বৈরাট নগরের বাদশা শাহ সেকেন্দারের পুত্র শাহ গাজী ও কালু। গাজী বাদশার নিজের পুত্র হলেও কালু তাঁর পালিত পুত্র। স্বপ্নে এক দরবেশ গাজীকে দেশ ও সমাজের উন্নয়নের উপদেশ দেন। উপদেশ পেয়ে তিনি ভাই কালুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তাঁরা এলাকায় মানুষের বাসস্থান, খাদ্য ও শিক্ষার ব্যবস্থা করেন। একপর্যায়ে চম্পাবতী নামের এক রাজকন্যার প্রেমে পড়েন গাজী; তাঁদের প্রেম-রোমাঞ্চ ও পরিণতি নিয়ে নাটকের কাহিনি এগিয়ে যায়।
নাটকের কুশীলবদের মধ্যে ছিলেন খসরুজ্জামান বাবু, মোসাহেদুজ্জামান, মোহাম্মদ রাসেল, আরিফ আল আজাদ, মিঠুন হোসেন, মিজানুর রহমান, ওহিদুজ্জামান অনিক, সবুজ আলী, লিমন হোসেন, রোম্মান আহমেদ বিদ্যুৎ, সুজন আলী, বিল্লাল হোসেন, আরিফ আল আজাদ, ইসাহাক আলী, ফয়সাল আহমেদ লিখন, জামাল হোসেন, মতিয়ার রহমান, রোম্মান আহম্মেদ, মীর আব্দুল মান্নান, সুজন আলী, অপূর্ব কুমার ঘোষ প্রমুখ।
এর আগে বিকেল চারটায় উৎসবমঞ্চে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শনার শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশিত হয়। এরপর অনির্বাণ থিয়েটারের সদস্য আলী কদরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. মোশারফ হোসেন। আলোচনায় অংশ নেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।
দর্শনার অনির্বাণ থিয়েটারের ৩৪ বছর পূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি থেকে এ নাট্যমেলা শুরু হয়েছে। আট দিনব্যাপী এই উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো। আজ শুক্রবার রাতে উৎসবস্থলে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নীলাখ্যান মঞ্চস্থ হবে।