'গাড়ি নাই, তাই ভাড়া ডাবল'

রাজধানীতে আজ সোমবার সকাল থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক নয়। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে যেতে দ্বিগুণ বেশি খরচ করতে হচ্ছে।
আজ সোমবার সকাল সাতটায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কোনো বাসই চলছে না। কাউন্টার সার্ভিস বাসের পাশাপাশি লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীদের যাওয়ার ভরসা কেবল কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আর টেম্পো।
সকাল সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকার রিকশাচালক আলম বলেন, ‘আইজ সরকারি দলের হরতাল। একটা গাড়িও চলে না। অন্য হরতালের সময় তো লোকাল বাস চলে। আইজ তা-ও নাই।’
মালিককে ৩০০ টাকা জমা দিয়ে রিকশা নিয়ে বের হয়েছেন—এমনটা দাবি করে আলম বলেন, ‘আগে জানলে আজ বাইর হইতাম না। কেমনে যে জমার টাকা উঠামু?’
স্টেডিয়াম এলাকার আসাদুজ্জামানের দাবি, হরতালের মধ্যে তো গাড়ি চলে। আজ হরতাল নয়, তাহলে বাস বন্ধ কেন?
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাইনবোর্ড আসার পথে দেখা গেল, সড়কের দুই পাশে গাড়িগুলো থামিয়ে রাখা হয়েছে। মূল সড়কের সঙ্গে সংযোগ সড়কগুলোর প্রতিটি মুখে পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে টহল দিচ্ছে ব্যাবের গাড়ি।
সাইনবোর্ড এলাকায় দেখা গেল, কয়েক শ মানুষ বাসের অপেক্ষা করছেন। ১৫-২০ মিনিট পর একটি বাস এলেও তা যাত্রী নিচ্ছে না। একটি সিএনজি আসার সঙ্গে সঙ্গে মানুষ সেটির দিকে হুমুড়ি খেয়ে পড়ছেন।
সাইনবোর্ড মোড়ে গাড়ির জন্য আধা ঘণ্টা অপেক্ষা করে গাড়ি না পেয়ে ক্ষুব্ধ ইসলামি ইনস্যুরেন্সের কর্মকর্তা রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, ‘সমাবেশ নিয়ে তো এমন ঘটনা আগেও ঘটেছে। যদি বাস বন্ধ করে দেওয়াই হবে, তাহলে অফিস খোলা রাখে কেন? মানুষ কীভাবে কাজে যাবে?’
রফিকুল ইসলামের কথা শেষ হতে না হতেই একটি অটোরিকশা এসে থামে। চালক গন্তব্যের কথা শুনে দ্বিগুণ ভাড়া হাঁকলেন। তিনি বলেন, ‘গাড়ি নাই, তাই ভাড়া ডাবল।’
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে সকাল আটটার দিকে দেখা যায়, অন্তত ৫০০ যাত্রী গাড়ির অপেক্ষা করছেন।
গাড়ির জন্য আধা ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করার পরও কোনো গাড়ির খবর নেই—এমনটা দাবি করে শফিকুল ইসলাম বলেন, ‘নয়টায় অফিসে যাব। সকাল থেকে কোনো গাড়ি নেই। আজকে তো হরতাল না। তাহলে বাস বন্ধ রাখার কোনো মানে আছে?’
এর মিনিট খানেক পর একটি বাস এসে থামল। চালকের সহকারী মতিঝিল ব্যাংকের সামনে পর্যন্ত যেতে ভাড়া হাঁকলেন ১০ টাকা।
পাঁচ টাকার ভাড়া ১০ টাকা চাওয়ার পরও বাসটি ভরে যেতে মিনিট খানেক সময় লাগল না। ওই বাসের এক যাত্রী মিরান হোসেনের ভাষ্য, নির্বাচন কমিশন অফিসে যাবেন। বাসা থেকে বের হয়ে বিকশা ভাড়া তিনগুণ দিতে হয়েছে। এখন আবার বাসের ভাড়াও দ্বিগুণ।
সকাল আটটার দিকে মতিঝিলের ব্যস্ত ব্যাংকপাড়ায় এসে দেখা গেল মাত্র দুটি বাস রয়েছে। সেগুলো কোনো যাত্রী নিচ্ছে না। কিন্তু অফিসে যাওয়ার অপেক্ষায় অন্তত ৬০০ জন শাপলা চত্বরের চারপাশে অপেক্ষা করছেন।
মতিঝিল এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মুশফিকের দাবি, রাত থেকেই পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
হরতাল নেই এর পরও কেন গাড়ি নেই—এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, গাড়ি বের করা তো মালিকদের নিজস্ব ব্যাপার। গাড়ি নেই কেন, তা তিনি জানেন না।
এর ১০ মিনিট পর একটি লেগুনা এল। জিগাতলা থেকে মোহাম্মদপুর পর্যন্ত লাইনে চলে সেটি। কিন্তু বাস না থাকায় এখন মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলছে। ওঠার আগেই লেগুনার চালক ও সহকারী বলেন, ‘শাহবাগ ২০ টাকা। যেখানে নামবেন ২০ টাকা। ’
লেগুনায় করে সিটি কলেজের উদ্দেশে যাচ্ছেন এমন এক যাত্রী স্বর্ণার দাবি, ‘শাহবাগ পর্যন্ত বাস ভাড়া আট টাকা। আজ ২০ টাকা দিতে হচ্ছে। আজ হরতালও নেই, কিন্তু গাড়িও নেই।’
শাহবাগ মোড়েও দেখা গেল কয়েক শ মানুষ গাড়ির অপেক্ষা করছেন। সড়কে ব্যক্তিগত গাড়ি চললেও দেখা নেই গণপরিবহনের। এ সুযোগে লেগুনা যাচ্ছে মিরপুর পর্যন্ত। তবে ভাড়া ৪০ টাকা।
বাসের অপেক্ষা করে না পেয়ে লেগুনায় করে মিরপুরের উদ্দেশ্য রওনা হওয়া যাত্রী আনিসুর রহমানের ভাষ্য, ১৫-২০ টাকা দিয়ে বাসে যাওয়াত করেন তিনি। এখন ৪০ টাকা দিতে হবে।
বেশি ভাড়া নিচ্ছেন কেন, এ প্রশ্নের জবাবে লেগুনার চালক বলেন, ‘জমা বেশি দেওয়া লাগে। রাস্তায় খরচ বাড়ছে। গাড়ি নাই, এ জন্য ভাড়া বেশি।’
একজন যাত্রী শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার যেতে চাইলে রিকশাচালক ভাড়া হাঁকেন ৬০ টাকা। শেষে ৫০ টাকায় রফা হয়।