'গানম্যান বডিগার্ডদের অধিকাংশই বাজার করেন'
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বলেছেন, ‘কয়েক হাজার ফোর্স রয়েছে। তাঁরা শুধু গানম্যান বডিগার্ড হিসেবে আছেন। তাঁরা অধিকাংশই বাজার করেন। বাচ্চারে স্কুলে দেন।’ গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একজন উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের জবাবে পুলিশের জনবল-সংকটের চিত্র তুলে ধরে তিনি এ কথা বলেন।
এর আগে সভায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহ বলেন, পুলিশের জনবল ও যানবাহন বাড়ানো উচিত। সিএনজিচালিত অটোরিকশায় চড়েও পুলিশকে দায়িত্ব পালন করতে হয়।
পুলিশ সুপার বলেন, গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ার পর সাংসদদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হয়তো আবার কোনো উপজেলা চেয়ারম্যান মারা গেলে সে পর্যায়েও নিরাপত্তা জোরদার করা হবে। কিন্তু পুলিশের গাড়ি-সংকট, লোকবলের সংকট রয়েছে।
নুরেআলম মিনা বলেন, ‘এখন যদি আপনারা বলেন এসপির বডিগার্ড তাঁর বাচ্চারে স্কুলে নিয়ে যান কি না। আমরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করি। পুকুরে মাছ থাকলে খাবারের সঙ্গে পানিও খাবে। আমাদের ফোর্সরা কোথায় আছেন খবর নেন। গানম্যানরা বাজার করেন কি না, ছাতা ধরেন কি না খবর নেন। আমাদের বডিগার্ডরাও সঙ্গে বাজারে যান। কিন্তু ইউনিফর্ম থাকে না। অথচ তাঁদের ইউনিফর্ম পরিয়ে বাজার করান। ছাতা ধরিয়ে হাঁটানো হয়। কতজন পুলিশের জনগণের জন্য কাজ করছে খবর নেন।’
ভিআইপিদের প্রটোকল দিতে ব্যাতিব্যস্ত থাকার উদাহরণ দিতে গিয়ে চট্টগ্রামের এই পুলিশ সুপার বলেন, ‘নভেম্বর-ডিসেম্বর মাসে কতজন ভিআইপি রাঙামাটি-বান্দরবানে বেড়াতে গেছেন আপনারা খবর নেন।’
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।