'গানের করিম করিমের গান'
ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে শাহ আবদুল করিমের লড়াই বাঙালির যাত্রাপথের প্রেরণা। আপন বুকের পাঁজর জ্বালিয়ে তিনি মানবপ্রেম, দেশ ও শ্রমজীবী মানুষের কথা লিখে গেছেন। তিনি চিরজীবী। করিমের গান তাই এখন বাংলা ভাষাভাষী মানুষকে ছুঁয়েছে। কেবল নিজস্ব ঘরানার কারণেই তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের কাছে আদর্শ।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানসনের দোতলায় বাউলসম্রাট শাহ আবদুল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’-এর উদ্যোগে ‘গানের করিম করিমের গান’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম।
স্মরণানুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুষার কর, বিশিষ্ট আবৃত্তিকার অম্বরীষ দত্ত, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ প্রমুখ।