'গানের পাখি' চন্দ্রাবতীর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামাইল, পদ্মপুরাণ, সূর্যব্রত ও কীর্তন গানের একজন জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি। এর বাইরে করতেন চণ্ডীদাস, রাধারমণ, মধুসূদন, শাহ আবদুল করিমের গান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও গান করেছেন ভারতের পশ্চিমবঙ্গেও। পরিচিত হয়েছিলেন ‘গানের পাখি’ নামে।
গানের পাখিখ্যাত সিলেটের প্রবীণ লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ (৮৩) আর নেই। গতকাল বুধবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুপুরে তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের সাহিত্য-সংস্কৃতিকর্মীদের ঢল নামে।
লোকগানের খোঁজে ২০০৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক সিলেটে এসেছিলেন। সে সময় চন্দ্রবতী রায়বর্মণের সঙ্গে তাঁর পরিচয়। চন্দ্রবতীর সুমিষ্ট কণ্ঠের গানের প্রেমে পড়েন মৌসুমী। ২০১০ সালে মৌসুমী ভৌমিক তাঁকে কলকাতার বাউল-ফকির উৎসবে গান গাওয়ার আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান এবং সম্মাননা দেন। পরে মৌসুমী ২০১৩ সালে পশ্চিমবঙ্গ থেকে তাঁর গাওয়া গানের একটি অডিও সিডি প্রকাশ করেন।
পারিবারিক সূত্র জানায়, ১৩ আগস্ট চন্দ্রাবতী মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৬ আগস্ট তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ছেলে ভবতোষ রায়বর্মণ সিলেটের প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব এবং বর্তমানে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার।
গতকাল বেলা তিনটায় চন্দ্রাবতীর মরদেহ নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এ সময় সিলেটের সাহিত্য-সংস্কৃতি-সামাজিক-রাজনৈতিক অঙ্গনের শতাধিক সংগঠনের প্রতিনিধিরা তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে ট্রাকযোগে তাঁর মরদেহ নিয়ে শোক র্যালি করে নগরের চালিবন্দর এলাকার মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে তাঁর শেষকৃত্যানুষ্ঠান হয়।
চন্দ্রাবতী রায়বর্মণের জন্ম ১৯৩১ খ্রিষ্টাব্দে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামে। তাঁর বাবা সহদেব বর্মণ, মা মুক্তা রানী বর্মণ। ১৩ বছর বয়সে সরকারি কর্মকর্তা ভারত চন্দ্র রায়বর্মণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৬৯ সালে রেডিও পাকিস্তানের কণ্ঠশিল্পী হিসেবে তাঁর সংগীতজীবনের শুরু। ১৯৯৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত পরিবেশন করেন।
কলকাতার বাউল-ফকির উৎসব সম্মাননা (১৪১৬), নাট্যমঞ্চ সম্মাননা (২০০৩), রাধারমণ সম্মাননাসহ (১৪১৪) নানা পুরস্কারে ভূষিত হয়েছিলেন চন্দ্রাবতী।
শোক: চন্দ্রাবতী রায়বর্মণের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কলকাতার শিল্পী মৌসুমী ভৌমিক, কবি তুষার কর, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব প্রমুখ।