'গার্মেন্টস সমস্যা নিয়ে বাইরের কারও কাছে যাবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের (গার্মেন্টস) সমস্যা নিয়ে বাইরের কারও কাছে না যেতে শ্রমিক সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে পোশাকশিল্পের উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ’-এর প্রথম সভায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

সরকার, মালিক ও শ্রমিক পক্ষের ব্যক্তিদের সমন্বয়ে গত ১২ মার্চ এ কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

সভায় মুজিবুল হক বলেন, পোশাকশিল্পের কোনো সমস্যা হলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেন কেউ আর এ সমস্যা নিয়ে বাইরের কারও কাছে না যান এবং এ নিয়ে যেন অস্বস্তিকর অবস্থার মধ্যে না পড়তে হয়। তিনি বলেন, পোশাকশিল্পের উন্নয়ন এবং পোশাকশ্রমিক ও সরকারের মধ্যে সুসম্পর্ক গড়াই এই কমিটির উদ্দেশ্য। তবে প্রথম এ সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।