'গাড়ির চাকা না ঘুরলে খাওয়াদাওয়া বন্ধ'
একেকটি হরতালের ঘোষণা আসে আর আতঙ্কে থাকেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রিকশা, ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। গাড়ি চালালে তাঁরা ভাঙচুর-পোড়ানের ভয়ে থাকেন আর না চালালে বেকার বসে থাকতে হয় তাঁদের।
যানচালক ও মালিকদের সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৮০০টি সিএনজিচালিত অটোরিকশা, তিন হাজার ভটভটি ও ছয় হাজার ৫০০টি রিকশাভ্যান রয়েছে। হরতালের ডাক এলেই এই ১০ হাজার ৩০০ পরিবারে নেমে আসে হতাশা। এসব পরিবারের অধিকাংশেরই আয়ের একমাত্র উৎস এসব হালকা যানবাহন চালানো। তাঁরা সারা দিন যা রোজগার করেন, সন্ধ্যায় তা দিয়ে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে আনেন। দিনের পর দিন হরতাল চলায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। ধারদেনা করে তাঁরা কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার আমতলী বাজারে গল্প করছিলেন কয়েকজন রিকশা ও ভটভটিচালক।
রিকশাচালক তাজুল ইসলাম বলেন, ‘হামাকেরে গাড়ির চাকা ঘুরলে প্যাটে ভাত জোটে আর চাকা না ঘুরলে খাওয়াদাওয়া বন্ধ।’ ভটভটিচালক শফিকুল ইসলাম (৩৫) বলেন, ‘হামি ভাড়ায় গাড়ি চালায়। এক দিন গাড়ি না চলাবার পরলে সংসার চলে না। সেটি একন তিন দিন বসে থাকপার লাগবি। টানা হরতালের কারণে দারদেনা না করলে পেটে ভাত জুটপি না।’