গীতাঞ্জলির শতবর্ষ পূরণ হলো এবার। কে আর না জানেন, ১৯১০ সালের ১৪ জুলাই প্রকাশিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যকে প্রতিষ্ঠিত করেছিল বিশ্বসাহিত্যসভায়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন নোবেল সাহিত্য পুরস্কার। গতকাল সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র একাডেমি গীতাঞ্জলির শতবর্ষ পূরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বকবির রচনাকর্ম ও জীবনদর্শন নিয়ে আলোচনা, তাঁর গান ও কবিতা আবৃত্তিতে রবীন্দ্রময় হয়ে উঠেছিল বসন্তের সন্ধ্যা।রবীন্দ্র একাডেমির সভাপতি জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহেদ রহমান। বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীনাক্ষী সিংহ ও হোসেনুর রহমানের আলোচনা। মীনাক্ষী সিংহ আলোচনা শুরু করেন গান গেয়ে। ‘জীবন যখন শুকায়ে যায়’ গানটির কিছু অংশ গেয়ে আলোচনায় প্রবেশ করেন তিনি। এরপর তিনি গানে, গল্পে আর কথায় রবীন্দ্রনাথের জীবন ও কর্মের নানা দিকের ওপর আলোকপাত করেন। এরপর অনুষ্ঠানে আলোচনা করেন মুস্তাফা নূরউল ইসলাম, আতিউর রহমান, করুণাময় গোস্বামী, শফি আহমেদ ও আজিজুর রহমান। পরে শামা রহমানের কণ্ঠে ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনে’ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনিমা রায় পরিবেশন করেন ‘কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে’। আরও গান শুনিয়েছেন শান্তা করিম, রেজাউল করিম প্রমুখ। ‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান’ আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অটিস্টিক শিশুদের চিত্র প্রদর্শনীঅন্য শিশুদের চেয়ে তারা আলাদা। কিন্তু রং-তুলির আঁচড়ে এই শিশুরাও বুঝিয়ে দিতে পারে তাদের কল্পনার গতিপথ। এই অটিস্টিক শিশুদের মাঝেও লুকিয়ে আছে প্রতিভা, স্বপ্ন ও কল্পনা। এর প্রমাণ মিলল গতকাল অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজন করা হয় অটিস্টিক শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনী। সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রওনাক হাফিজ। প্রদর্শনী কাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। রাজধানীর মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটির ৪ নম্বর সড়কের ৩৮/৪০ নম্বর বাসায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ের আয়োজিত চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘ক্লিওপেট্রা’রাজদরবারের দুই পাশের মিসরীয় চিত্র দেখে সহজেই অনুমান করা যায় নাটকের কাহিনির দেশকাল। এই নাটকে ইতিহাস যেমন জড়িয়ে আছে, তেমনি আছে উপকথার চরিত্র হারমাসিস। রানি ক্লিওপেট্রার হাত থেকে মিসরকে উদ্ধার করতে পুরোহিত ও অভিজাতেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ কাজে তারা ব্যবহার করতে চায় হারমাসিসকে। নাটকে হারমাসিসকে অলৌকিক শক্তি হিসেবে না দেখিয়ে উপস্থাপন করা হয়েছে রক্ত-মাংসের মানুষ হিসেবে। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ নাটক ক্লিওপেট্রার গল্প এটি। নান্দনিক নাট্য সম্প্রদায়ের নাটক ক্লিওপেট্রার গতকাল ছিল ৩০তম প্রদর্শনী। রাহমান চৌধুরী রচিত ক্লিওপেট্রা নাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার ও আ মা ম হাসানুজ্জামান। মঞ্চ পরিকল্পনা, পোশাক ইত্যাদিতে প্রাচীন মিসরকে তুলে ধরা হয়েছে। আবহে আশ্রয় নেওয়া হয়েছে পাশ্চাত্য ধারার সংগীতের। নামভূমিকায় নিলুফার ওয়াহিদ ও হারমাসিসের চরিত্রে ছিলেন বদরুদ্দোজা। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন আকরাম হোসেন, এস এম রানা, ইকবাল মিয়াজী, তৌফিক হাসান প্রমুখ। নাসির উদ্দীন ইউসুফ ও লায়লা হাসানের সংবর্ধনা২০১০ সালে একুশে পদক পেয়েছেন সাংস্কৃতিক-ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও নৃত্যশিল্পী লায়লা হাসান। এ প্রাপ্তিতে তাঁদের সংবর্ধনা দিতে আনন্দ আয়োজন করেছিল নৃত্য সংগঠন নৃত্যধারা। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও অনুরাগীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ‘তুমি নির্মল করো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মীনু হক। এরপর এই দুই শিল্পীকে উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে দীপা খন্দকার, মীনু হক ও কবিরুল ইসলামের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নবীন শিল্পীরা।