'গুডস হিলে' জাদুঘর চান মামলার সাক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাকা চৌধুরীর ফাঁসির আদেশে আমার চেয়ে কে বেশি আনন্দ পাবে? একাত্তরের এপ্রিলে আমাকে ধরে নিয়ে গিয়ে যাওয়া হয় গুডস হিলে। উল্টো করে (মাথা নিচে, দুই পা ওপরে) ঝুলিয়ে রেখে আমার ওপর চলে অমানুষিক নির্যাতন। এখনো মনে পড়লে গা শিউরে ওঠে’—সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন এই মামলায় ট্রাইব্যুনালের দ্বিতীয় সাক্ষী ছলিম উল্লাহ।
চট্টগ্রাম শহরে সাকা চৌধুরীর পৈতৃক বাসভবন গুডস হিলের বাড়িতে একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের ওপর নির্মম নির্যাতন চালানোর বর্ণনা দিয়েছেন এই মামলার সাক্ষীরা।
ছলিম উল্লাহ বলেন, ‘গুডস হিলে অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়। এই বাড়ি রাষ্ট্রীকরণ করার দাবি জানাচ্ছি। গুডস হিলকে অবিলম্বে জাদুঘর ঘোষণা করারও দাবি জানাচ্ছি, যাতে নতুন প্রজন্ম এই বাড়ি সম্পর্কে জানতে পারে।’
মামলার ১০ নম্বর সাক্ষী কাজী নুরুল আবছার বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে এই রায় মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের বিজয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি দাবি করেন, সাকা চৌধুরীর শাস্তি নিশ্চিত করলেই হবে না, স্বাধীন বাংলাদেশে তাঁকে যাঁরা রাজনীতিতে পুনর্বাসন করেছেন, মন্ত্রী-এমপি বানিয়েছেন, তাঁদেরও বিচারের আওতায় আনতে হবে। সাকা চৌধুরীর গুডস হিলের বাড়িসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, বিষদাঁত ভেঙে ফেলার এখনই আসল সময়।
ট্রাইব্যুনালের ১১ নম্বর সাক্ষী সৈয়দ মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘একাত্তরের ২৬ মার্চ থেকে অসংখ্য মানুষ ও মুক্তিযোদ্ধা খুন করেছিলেন এবং করতে প্রভাবিত করেছিলেন সাকা চৌধুরী। এ কারণে একাত্তরের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় ডা. ছমির উদ্দিনের বাসার অদূরে তাঁর ওপর আমরা গ্রেনেড হামলা করেছিলাম। সেই যাত্রায় তিনি বেঁচে যান। তবে একাত্তরে তাঁর পাপের শাস্তির চূড়ান্ত পরিণতি আমরা দেখার অপেক্ষায় আছি। আপিল বিভাগের রায়ে আমরা খুশি।’
এই মামলার অন্যতম সাক্ষী চট্টগ্রামের রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ। আপিল বিভাগ নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের ঘটনায় সাকার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখেছেন। রায়ের প্রতিক্রিয়ায় প্রফুল্ল রঞ্জন সিংহ প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। রায় কার্যকর দেখতে চাই।’
এই মামলার আরেক সাক্ষী শেখ মোহাম্মদ জাহাঙ্গীর জানান, একাত্তর সালের ১৭ এপ্রিল তাঁর বাবা শেখ মোজাফফর আহমদ ও ছোট ভাই শেখ মোহাম্মদ আলমগীরকে পাকিস্তানি ক্যাপ্টেন হাফিজের হাতে তুলে দেন। তাঁর বাবা ও ভাইয়ের সন্ধান আর পাননি তিনি। তিনি বলেন, ‘সাকার ফাঁসি কার্যকর হলে আমার বাবা ও ভাইয়ের আত্মা শান্তি পাবে।’