'গুপ্তহত্যাকারীদের পুলিশে সোপর্দ করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক সরকার উৎখাতের জন্য যারা আগুন-সন্ত্রাস করেছিল, তারাই আজ দেশব্যাপী গুপ্তহত্যা করছে। গুপ্তহত্যাকারীদের যেখানে পাওয়া যাবে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করুন।
সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং এলাকায় প্রধান সড়কের পাশে এই কর্মসূচির আয়োজন করে জাগ্রত ছাত্র যুব জনতা নামের একটি সংগঠন।
সমাবেশে মূল বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আবদুর রহিম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এ এস এম জাহিদ, আওয়ামী লীগের নেতা মোরশেদ আলম, স্বেচ্ছাসেবক লীগের নেতা স্বরূপ দত্ত, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ।
খোরশেদ আলম বলেন, সংখ্যালঘু তারাই, যারা স্বাধীনতাবিরোধী। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা গণহত্যার পথ বেছে নিয়েছে। গুপ্তঘাতকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করুন।