'গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকা যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। অবৈধ সরকার যে পরিকল্পনায় এগোচ্ছে, তা কখনো সফল হবে না। অতীতেও কোনো অবৈধ সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারেনি। এবারও পারবে না।
সারা দেশে গুম-খুনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ১৯-দলীয় জোট গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশে বক্তারা এসব কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। এতে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ, ফেনীসহ সারা দেশে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত। বিএনপি ক্ষমতায় এলে সব হত্যাকাণ্ডের বিচার হবে।
মীর নাছির আরও বলেন, অবৈধ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতা পাকাপোক্ত করতে তারা বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। গুম-খুনও নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। তাই দেশবাসী আতঙ্কে দিন পার করছে। এভাবে আর চলতে পারে না। অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। সংলাপই সমাধানের একমাত্র পথ।
আসলাম চৌধুরী বলেন, খুন-গুম কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই ত্রাস মানবিকতার সব স্তরকে হার মানিয়েছে।