'গুম-খুনের ঘটনায় পদক্ষেপ নিচ্ছে না সরকার'
মামলার আসামিসহ অনেকেই গুম ও খুনের শিকার হচ্ছে। অভিযোগ উঠছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর সঙ্গে জড়িত। সরকার এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ শনিবার বিকেলে নাটোর রাজবাড়ী চত্বরে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এই মতামত উঠে এসেছে।
ওয়ালিউর রহমানের প্রযোজনা ও আকবর হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে চারজন প্যানেল বক্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার ১৫০ জন দর্শক উপস্থিত ছিলেন।
দর্শকদের মধ্যে নাটোর প্রেসক্লাবের সভাপতি রনেন রায় বলেন, মামলার আসামিসহ অনেকে এখন গুম ও খুনের শিকার হচ্ছে। অভিযোগ উঠছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর সঙ্গে জড়িত। তিনি এসব ঘটনা বন্ধে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চান।
জবাবে নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটত। হাইকোর্ট এলাকা থেকে গুম হওয়ার একটি ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘ওই ঘটনা কীভাবে হলো, তা আল্লাই জানে। সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে।’
সদর উপজেলার করোটা গ্রামের হাসিবুল হোসাইন বলেন, সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৪৭ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী বেকার। তাহলে কি সরকারের ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি?
এ প্রসঙ্গে নাটোরের ওই সাংসদ বলেন, প্রতি বছর লাখ লাখ লোক দেশে-বিদেশে কাজে যোগ দিচ্ছেন। তাই জরিপের তথ্য সঠিক নয়।
অনুষ্ঠানে বিকল্প ব্যবস্থা না নিয়ে গার্মেন্টস কারখানা বন্ধ না করার ব্যাপারে অধিকাংশ বক্তা বক্তব্য দেন।
অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের জবাব দিতে সরকারি দলের পক্ষ থেকে নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, বিএনপি থেকে নাটোর-৪ আসনের সাবেক সাংসদ মোজাম্মেল হক, সুশীল সমাজের পক্ষে স্থানীয় বেসরকারি সংগঠন ‘লাঠি-বাঁশি সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম ও বেসরকারি সংগঠন ‘আলো’র সংগঠক শামীমা লাইজু উপস্থিত ছিলেন।