গুমের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেছেন, কমিশন এটি সমর্থন করে না। গুমের অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে দেখতে গিয়ে গতকাল মঙ্গলবার কাজী রিয়াজুল হক এসব কথা বলেন। তিনি বলেন, মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধিদল ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদের নিহত হওয়ার ঘটনা তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। তাতে পুলিশের বাড়াবাড়ির বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতিপক্ষের হাতে মারধরের শিকার মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনের ব্যাপারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রাষ্ট্র একজন মুক্তিযোদ্ধাকে মর্যাদা দিয়েছে। কাজেই কোনোমতেই মুক্তিযোদ্ধার মর্যাদাহানি করা যাবে না।
এ সময় মানবাধিকার কমিশনের সদস্য মো. এনামুল হক চৌধুরী, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান, ঈশ্বরগেঞ্জর ইউএনও রাজীব কুমার সরকার, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস ছাত্তারসহ জেলা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।