‘গুম সংস্কৃতি থেকে রাজনীতি ও মানুষ বাঁচাও’
নিখোঁজ বা গুম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে ব্যতিক্রমী এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘গুম সংস্কৃতি থেকে রাজনীতি ও মানুষ বাঁচাও’। এতে ‘গুম দানব’-এর কল্পিত ভয়ংকর প্রতিমূর্তির পাশাপাশি ১১টি ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে।আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সিলেট মহানগরের চৌহাট্টা মোড়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অভিনব এ কর্মসূচির আয়োজক ‘খ্যাপা তরুণ’ নামের সিলেটের একটি সংগঠন। ২০০৫ সালে সংগঠনটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালের মে মাসে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গ্রেনেড হামলার শিকার হলে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ওই ঘটনার প্রতিবাদ জানায় তারা। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসজুড়ে ধারাবাহিক ওই প্রতিবাদ কর্মসূচির বিষয় ছিল, ‘গ্রেনেড-বোমা সংস্কৃতি থেকে রাজনীতি মুক্ত কর’। আয়োজক সূত্র জানায়, এবারের আয়োজনের জন্য নগরের দরগাহ মহল্লা এলাকার একটি বাড়িতে সপ্তাহজুড়ে চলেছে তাদের প্রস্তুতি। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, ব্যঙ্গচিত্রে তুলে ধরা হয়েছে রাজনীতির দুর্বৃত্তায়ন, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনা, শেয়ার মার্কেটের নিঃস্ব বিনিয়োগকারী, গণগ্রেপ্তারসহ আলোচিত নানা বিষয়। আয়োজকদের একজন মুহিন হোসেন বলেন, প্রদর্শনী শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনটি প্রতীকী শবদেহ রাখা হবে। শিষ্টাচার, সহিষ্ণুতা ও আস্থা—রাজনীতি থেকে হারিয়ে যাওয়া এই তিনটি বিষয়কে শবদেহের মাধ্যমে প্রতীকীভাবে উপস্থাপন করা হবে। তিনি বলেন, রাজনীতিতে যাতে আবার এসব বিষয় ফিরে আসে, এ জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।