'গুমের শিকার' ছেলেকে ফেরত পাওয়ার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সাড়ে তিন বছর আগে ‘গুম হওয়া’ ছেলেকে ফেরত পেতে গতকাল পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রুহুল আমিন ও তাঁর স্ত্রী l ছবি: প্রথম আলো
প্রায় সাড়ে তিন বছর আগে ‘গুম হওয়া’ ছেলেকে ফেরত পেতে গতকাল পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রুহুল আমিন ও তাঁর স্ত্রী l ছবি: প্রথম আলো

গুমের শিকার পরিবারের একমাত্র কর্মক্ষম সন্তান ইমাম হাসানকে ফেরত চেয়েছেন বাবা রুহুল আমিন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
গতকাল মঙ্গলবার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে রুহুল আমিন গুমের শিকার ছেলের ছবি বুকে ঝুলিয়ে বক্তব্য দেন। এতে ইমাম হাসানের মা মিনারাও বক্তব্য দেন। তাঁদের বাড়ি পঞ্চগড় শহরের দক্ষিণ রাজনগের।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন লিখিত বক্তব্যে বলেন, ২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাঁর ছেলে ইমাম হাসান ওরফে বাদলকে (২৪) অপহরণ করা হয়। ওই দিনই তিনি মুঠোফোনে তেঁজগাওয়ে র্যা ব-২-এর কাছে ছেলে অপহরণের অভিযোগ জানান। পরের দিন র্যা ব সদস্যরা জাহিদ ও বাবুল নামের দুই অপহরণকারীকে আটক ও ইমাম হাসানকে উদ্ধার করেন। অপহরণকারীরা ইমাম হাসানের পূর্বপরিচিত। ছেলে উদ্ধারের খবর পেয়ে ১৩ মার্চ তিনি ঢাকায় র্যা ব-২-এর কার্যালয়ে যান। র্যা বের পরামর্শে তেঁজগাও থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। এরপর র্যা ব-২-এর কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক (এসআই) রাজু একটি আবেদনে স্বাক্ষর নিয়ে তাঁর (রুহুল) কাছে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা লেনদেনের বিষয়টি গোপন রাখতে বলেন। এ সময় রুহুল আমিন র্যা বের পোশাক পরা এসআই রাজুকে ৪০ হাজার টাকা দেন।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, ‘প্রায় সাড়ে তিন বছর ধরে ছেলের জন্য ঢাকায় মানবাধিকার কমিশন, র্যা ব ক্যাম্প, থানা, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ঘুরেছি। আজ পর্যন্ত ছেলের কোনো হদিস পাইনি। র্যা ব আমার ছেলেকে গুম করেছে। সংসারের একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে আমরা অনাহারে-অর্ধহারে দিন যাপন করছি। আমার আরেক ছেলে ইমাম হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিসাধীন। আমি হকারি করে সংসার চালাতাম। বয়সের কারণে এখন আর পারি না।’
একপর্যায়ে হাউমাউ করে কেঁদে ফেলেন রুহুল আমিন। সংবাদ সম্মেলনে কথা বলতেই কেঁদে ফেলেন ইমাম হাসানের মা মিনারা বেগমও। তিনি বলেন, ‘ছেলের আয় দিয়েই আমাদের সংসার চলত। এখন আমরা এক বেলাও ঠিকমতো খেতে পারি না। ছেলে ফিরে আসবে, এই আশায় বুক বেঁধে বেঁচে আছি। এ জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
র্যা ব-২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন বলেন, বেশ কয়েক বছর আগের এ ঘটনাটি তাঁর জানা নেই। তবে সে সময় রাজু নামের কেউ কর্মরত ছিলেন কি না সে বিষয়ে খোঁজখবর করে দেখবেন।