নিজেদের দাবির পক্ষে ‘গুম’ হওয়া নেতা-কর্মীদের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ সুনির্দিষ্ট তালিকা বিএনপির কাছ থেকে পাওয়া যাচ্ছে না। বরং দলটি গুমের সংখ্যা নিয়ে একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছে।
সর্বশেষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার বলেছেন, বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংগৃহীত তথ্য অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি এই এক মাসের মধ্যে বিরোধী দলের ২৪২ জন নেতা-কর্মীকে হত্যা ও ৬০ জনকে গুম করা হয়েছে। প্রকৃত চিত্র আরও ভয়াবহ। এ সময় গুম হওয়া কেবল তিনজনের নাম ও দলীয় পরিচয় উল্লেখ করেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার এমন অভিযোগের জবাবে গতকাল পঙ্গু হাসপাতালে আহত দলের নেতা-কর্মীদের দেখতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, ‘উনি যে তালিকা পড়লেন, চিহ্নিত করা গেছে, তারা সবাই সন্ত্রাসী।’
এর ১৩ দিন আগে গত ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেছিলেন, তিন মাসে তাঁদের ১৮৭ জন নেতা-কর্মী গুম হয়েছেন। একই দিন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন, তিন মাসে তাঁদের ২৯৪ জন নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন। এরও আগে গত ১৪ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছিলেন, এক মাসে তাঁদের তিন শতাধিক নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারও আগে ২৯ আগস্ট ঝিনাইদহে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম ১৫৭ জন নেতা-কর্মী গুম হওয়ার কথা বলেছিলেন।
২২ জানুয়ারির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, গুম হওয়া সবার নাম-ঠিকানা তাঁদের কাছে আছে। পরে ই-মেইলে সব পাঠানো হবে। এর পরে বিএনপির দপ্তর থেকে পাঠানো ই-মেইলে ২০ জন নেতা-কর্মী রাজধানী থেকে ‘গুম’ হয়েছেন দাবি করে নামের তালিকা দেওয়া হয়।
এঁদের পদ, গুমের তারিখ ও স্থান দেওয়া থাকলেও কারও ঠিকানা দেওয়া হয়নি। তখন বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছিল, এটি প্রাথমিক তালিকা। পূর্ণাঙ্গ তালিকা পরদিন পাঠানো হবে। কিন্তু তা আর পাঠানো হয়নি।
তবে দলের একটি সূত্র জানায়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং স্থানীয় বিএনপির মাধ্যমে পাওয়া কিছু সংবাদের ভিত্তিতে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনটি করেছিলেন। তাঁদের কাছে সে সময় সব সুনির্দিষ্ট তথ্য ছিল না। ২৩ জানুয়ারি দলের দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, তাঁরা গুমের সঠিক তালিকা তৈরি করছেন।
এ নিয়ে ২৩ জানুয়ারি দলটির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, তালিকা তাঁরা কয়েক দিনের মধ্যে প্রকাশ করবেন। এর পরে ২৯ জানুয়ারি মির্জা ফখরুল প্রথম আলোকে বলেছিলেন, সময়মতো গুমের তালিকা দেওয়া হবে।
খালেদা জিয়া বুধবারের বক্তব্যে এক মাসে শুধু ঢাকা মহানগরে জোটের ২১ জন নেতা-কর্মী গুম হয়েছেন বলে জানান। এর আগে গত জানুয়ারিতে বিএনপির পক্ষ থেকে যে গুমের যে তালিকা দেওয়া হয়েছিল, তাতেও ঢাকা মহনগরের ২০ জনের নাম ও দলীয় পরিচয় ছিল। ওই তালিকায় ১৭ জনের নামের পাশে গুমের তারিখ আছে। তাতে দেখা যাচ্ছে, এঁদের ১৬ জনই গুম হয়েছেন গত ২৬ ডিসেম্বরের আগে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আগে যে ২১ জনের তালিকা দেওয়া হয়েছিল, ম্যাডামও সেটিই বলেছেন। এটি নতুন তালিকা নয়।’ তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও মির্জা ফখরুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, এটি কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম নয়। বিএনপির চেয়ারপারসন যে হিসাব দিয়েছেন, তা সুনির্দিষ্ট। এর আগে মহাসচিব হয়তো ‘রাফ’ একটি হিসাব দিয়েছিলেন। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী গুমের তালিকা চাইলে রুহুল কবির রিজভী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন জেলে থাকায় অনেক কিছু এখনো ভালো করে জানেন না। এ তালিকা দেওয়া যাবে কি না গুলশান কার্যালয়ে যোগাযোগ করে তিনি জানাবেন। এর এক ঘণ্টা পর আবার যোগাযোগ করা হলে তিনি জানান, তখন পর্যন্ত তিনি কথা বলতে পারেননি। পরে কথা বলে এ বিষয়ে জানাবেন।
বিএনপির একজন সহদপ্তর সম্পাদক প্রথম আলোর কাছে দাবি করেন, যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের নাম প্রকাশ করা হলে পরিবারের ওপর অত্যাচার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই তাঁরা বিস্তারিত তালিকা প্রকাশ করছেন না। তৃণমূল থেকে তাঁদের নাম প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।