স্ত্রীকে হত্যা ও গুমের অভিযোগে শ্বশুরের করা মামলায় ছয় মাস জেল খেটেছেন মধ্যপ্রাচ্যপ্রবাসী মো. আবুল হাশেম (৪১)। হাইকোর্ট থেকে জামিন নিয়ে ওই মামলায় হাজিরা দিচ্ছিলেন নিয়মিত। কিছুদিনের মধ্যে রায় হওয়ারও কথা ছিল।অবশেষে ওই মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ বছর পর হাশেমের স্ত্রী সাহেদা আকতারকে (২৪) জীবিত পেয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকার একটি বাড়ি থেকে সাহেদা ও তাঁর কথিত স্বামী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সোহেলকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। মিথ্যা মামলা করায় গ্রেপ্তার করা হয়েছে হাশেমের শ্বশুর আবদুস সালামকেও।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকার আবুল হাশেমের সঙ্গে পাশের ভূজপুর থানার সুয়াবিল এলাকার সাহেদার বিয়ে হয় ২০০৩ সালে। ২০০৭ সালের ৩১ জুলাই সকালে সাহেদাকে নিয়ে তাঁর বড় বোনের বাড়িতে বেড়াতে যান হাশেম। বিকেলে বাড়ি ফিরে জানতে পারেন, দুপুর থেকে সাহেদা নিখোঁজ। অনেক খুঁজেও স্ত্রীকে না পেয়ে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করেন হাশেম। কিছুদিন পর আদালতে মামলাও করেন। এরপর হতাশ হয়ে মধ্যপ্রাচ্যের কর্মস্থলে ফিরে যান। এদিকে, সাহেদাকে হত্যা ও লাশ গুম করার অভিযোগে ২০০৮ সালের মার্চ মাসে হাশেমের বিরুদ্ধে আদালতে মামলা করেন শ্বশুর আবদুস সালাম। দেশে ফিরলে ২০১০ সালের ১২ নভেম্বর ওই মামলায় গ্রেপ্তার হয়ে ছয় মাস জেলহাজতে থাকেন হাশেম। পরে হাইকোর্ট থেকে জামিন নেন। আদালতে হাজিরার কারণে হাশেম আর মধ্যপ্রাচ্যে যেতে পারেননি।আবুল হাশেম জানান, তিনি স্ত্রী সাহেদা আকতারকে খুন বা গুম করেননি। তবু তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলার বিষয়টি হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আকতারকে জানান। পুলিশ কর্মকর্তা বাবুল আকতার বলেন, নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারেন সাহেদা রাউজানের পশ্চিম গুজরা এলাকার সোহেলের সঙ্গে সংসার করছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফটিকছড়ি ও রাউজান থানার পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে সাহেদা ও সোহেলকে গ্রেপ্তার করেন। গত শুক্রবার সকালে সাহেদার বাবা আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। স্বামী রেখে পরপুরুষের সঙ্গে অবৈধ মেলামেশার অভিযোগে সাহেদা ও তাঁর কথিত স্বামীর বিরুদ্ধে দণ্ডবিধির ৫৯৮ ধারায় এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে আবদুস সালামের বিরুদ্ধে শুক্রবার মামলা করেছেন হাশেম। গতকাল শনিবার তাঁদের তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। গত শুক্রবার রাতে হাটহাজারীর সহকারী পুলিশ সুপার কার্যালয়ে সাহেদা আকতার সাংবাদিকদের বলেন, মুঠোফোনের মাধ্যমে সোহেলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি সোহেলের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। ২০০৭ সালে সোহেলের বাসায় পালিয়ে যাওয়ার পর বাবা আবদুস সালামকে জানিয়ে দেন, তিনি আর হাশেমের সংসার করবেন না।আবুল হাশেম আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, তাঁদের সুখের সংসার ছিল। সাহেদা তাঁর সাজানো জীবন লন্ডভন্ড করে দিয়েছে।