‘গুরুতর জখম’ সনদ না দেওয়ায়...
‘গুরুতর জখম’—এই মর্মে সনদ না দেওয়ায় ফরিদপুরের চরভদ্রাসনে যুবলীগের একজন কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই চিকিৎসকের কক্ষেই এ ঘটনা ঘটে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন-পরবর্তী সংঘর্ষে আহত হন যুবলীগের কর্মী মোতালেব মোল্লা। ওই দিন থেকে তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াসের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মোতালেবের চিকিৎসাকালীন সনদ দেওয়া হয়।চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবিদুর রেজা অভিযোগ করেন, ওই সনদে আহত হওয়ার মাত্রা গুরুতর না দেখানোর অভিযোগে মোতালেব ও তাঁর বড় বোন লুৎফুন্নাহার তাঁর ওপর আক্রমণ চালান। মোতালেব তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন এবং লুৎফুন্নাহার তাঁর মুখমণ্ডলে খামচি দেন।চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে আবিদুর রেজা বাদী হয়ে গতকাল বুধবার সকালে থানায় মামলা করেছেন। তবে ঘটনার পরপরই প্রধান আসামি মোতালেব মোল্লা গা-ঢাকা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওসার হোসেন নিশ্চিত করেছেন, মোতালেব মোল্লা উপজেলা যুবলীগের একজন কর্মী।