‘গুলির নির্দেশ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার এখন যে পথে হাঁটছে, সেটা গণতন্ত্রের নয়, সংঘাতের পথ। র‌্যাব, পুলিশ ও বিজিবিকে গুলির নির্দেশ দিয়ে সরকার আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করছে। এতে প্রমাণিত হয়, সরকার দেশে কোনো বিরোধী দল রাখতে চায় না। গতকাল বুধবার হরতাল চলাকালে নগরের নূর আহমদ সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল বিকেলে এ সমাবেশ হয়। সমাবেশে আমীর খসরু বলেন, সরকার একদলীয় শাসনে ফিরে যেতে চায়। পুলিশ দিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়। দমন-পীড়ন ও ‘গণহত্যা’ চালিয়ে সরকার ক্ষমতায় টিকতে পারবে না।আমীর খসরু বলেন, ‘দেশ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সোচ্চার হয়ে মাঠে নামতে হবে। নইলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, বর্তমান মহাজোট সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে এখন ‘গণহত্যায়’ মেতে উঠেছে। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন।এ ছাড়া গতকাল নগরের পাহাড়তলী, এ কে খান, লালখান বাজার, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ হয়েছে।