'গুলির নির্দেশ দিয়ে' বিক্ষোভের মুখে দুই ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি বাজার চাক্তাইয়ে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান ও অভিজিৎ বসাক।
গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি ছোড়ার নির্দেশ দিয়েছেন—ব্যবসায়ীরা এ অভিযোগ তোলেন। এরপর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। এ সময় অগ্রণী ব্যাংকের চাক্তাই শাখার সামনে তিনটি ঠেলাগাড়ি রেখে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান গুলি ছোড়ার নির্দেশের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে একদল ব্যবসায়ী এ গুজব ছড়িয়েছেন।
প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চাক্তাইয়ের ভেড়া মার্কেটে প্লাস্টিকজাতীয় ব্যাগ জব্দ করতে অভিযান শুরু করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওই মার্কেটে অভিযান চালিয়ে প্লাস্টিক ব্যাগে চাল রাখায় পাঁচটি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের একপর্যায়ে ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যাগের কারণে জরিমানা করার বিষয়ে প্রশ্ন তুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। শ্রমিক-কর্মচারীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে কয়েকজন ব্যবসায়ী দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে যান। সেখানে দুই ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ী নেতারা ঘটনার জন্য ম্যাজিস্ট্রেটদের কাছে দুঃখ প্রকাশ করেন। পরে পরিস্থিতি শান্ত হলে বেলা তিনটার দিকে চাক্তাই এলাকা ত্যাগ করেন দুই ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মচারীরা।
চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘প্লাস্টিক ব্যাগের ব্যাপারে আমাদের করণীয় তেমন কিছু নেই। দেশের বিভিন্ন স্থান থেকে চাল নিয়ে আসা হয় প্লাস্টিক ব্যাগে করে। বিষয়টি ম্যাজিস্ট্রেটদের বোঝানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। তার পরও জরিমানা করা হয়। এর মধ্যে এক ম্যাজিস্ট্রেট গুলি ছোড়ার নির্দেশ দিলে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অবশ্য পরে পুলিশ ও সমিতির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান বলেন, ‘মূলত প্লাস্টিকজাতীয় ব্যাগের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্লাস্টিক ব্যাগ থাকার কারণে পাঁচটি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে যাঁদের দোকানে পাটের ব্যাগ পাওয়া গেছে, তাঁদের কম জরিমানা করা হয়েছে। তার পরও কিছু ব্যবসায়ী বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আর ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ব্যবসায়ী নেতারা আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করেন।’