
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেছেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালাটি দ্রুত চূড়ান্ত করা হবে। তবে গৃহকর্মী নিয়োগকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষের মনমানসিকতার পরিবর্তন না হলে নীতি কেন, আইন প্রণয়ন করেও সমস্যার সমাধান করা সম্ভব হবে না।
গতকাল শনিবার প্রথম আলোর উদ্যোগে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০ অনুমোদন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, গৃহকর্মী শিশুরা ঘরের ভেতরে থাকলেও তারা থাকে আইনের আওতার বাইরে। ফলে আইনের মাধ্যমে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না।
সুলতানা কামাল বলেন, সুশীল সমাজের পক্ষ থেকে গৃহকর্মীদের সুরক্ষার জন্য নীতিমালার একটি খসড়া জমা দেওয়া হলেও তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েই পড়ে আছে। এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে গত বছরের অক্টোবর মাসে আইনের একটি খসড়া প্রণয়ন করে আইনমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়। সেটিও আর নড়াচড়া করেনি। সাংবিধানিক দায়দায়িত্ব থেকেই সবাইকে গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।
নারী মৈত্রী ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মিকাইল শিপার আরও বলেন, ২০১০ সালে নীতিমালার খসড়াটি মন্ত্রণালয়ে জমা পড়লেও এখন পর্যন্ত তা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর স্টেকহোল্ডারদের বাধার মুখে পড়তে হচ্ছে।
এ বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
নীতিমালার খসড়া তৈরির সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ২০১১ সালে গৃহকর্মীদের সুরক্ষায় হাইকোর্টের যে নির্দেশনা আছে, যত দিন আইন প্রণয়ন না হচ্ছে, তত দিন তা আইন হিসেবে প্রযোজ্য।
সালমা আলী বলেন, সংগঠনের পক্ষ থেকে গুরুতর জখম হওয়া ভিকটিমকে উদ্ধার করে মামলা করার পরও সেই ভিকটিমের পরিবার বিভিন্ন চাপে বলেছে, এটি মিথ্যা মামলা। বেশির ভাগ ক্ষেত্রে মামলায় আপস হয়ে যাচ্ছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, এ মন্ত্রণালয়ের আওতায় নির্যাতনের শিকার নারী ও শিশু ১০৯২১ হেল্পলাইনে ফোন করছে। গৃহকর্মীরাও এ হেল্পলাইন বা এ ধরনের অন্য কোনো নম্বরে ফোন করে তাদের নির্যাতনের কথা যাতে জানাতে পারে, সে ধরনের ব্যবস্থা করতে হবে।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার বলেন, দেশে গৃহশ্রমিকদের সংখ্যা ২০ লাখেরও বেশি হবে। তবে নিবন্ধন না থাকায় সংখ্যাটি সেভাবে জানা সম্ভব হচ্ছে না। গৃহশ্রমিকদের সুরক্ষায় তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা (শিশু অধিকার) সৈয়দ মতলুবুর রশীদ বলেন, শিক্ষিত পরিবারেই গৃহকর্মী শিশুরা অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। তাই এই শিক্ষিত সমাজকে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত প্রচারণার ব্যবস্থা করতে হবে।
সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শরফুদ্দিন খান বলেন, গৃহকর্মের শিশুরা গড়ে দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা কাজ করে। তবে তার পরও সরকার যে ঝুঁকিপূর্ণ কাজের তালিকা চূড়ান্ত করেছে, তাতে এরা স্থান পায়নি।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি হাসিনা বেগম বলেন, বিশ্বের মাত্র ১০ শতাংশ গৃহশ্রমিক আইনের আওতায় এসেছে। বাংলাদেশেও শ্রম আইনে এই শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আইএলওর কাজের ক্ষেত্রে শিশুদের নিয়োগের ন্যূনতম বয়সসংক্রান্ত সনদ ১৩৮ এবং গৃহশ্রমিকদের সুরক্ষাসংক্রান্ত সনদটিও অনুসমর্থনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী লুৎ ফুন নাহার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় পরিচালিত গৃহকর্মে নিয়োজিত শিশুদের উন্নয়ন সুযোগ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
বৈঠকে এ প্রকল্পের আওতায় আসা শিশু সীমা আক্তার তার অভিজ্ঞতা জানানোর পাশাপাশি সরকারের কাছে তার মতো অন্য শিশুরা যাতে একটু সম্মান পায়, তারও আহ্বান জানায়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, এই ধরনের গৃহকর্মী শিশুদের প্রকল্পের আওতায় আনাটাই বড় চ্যালেঞ্জ। গৃহকর্মের বেড়াজাল থেকে বের করে আনা আরও বড় চ্যালেঞ্জ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মরিয়ম নেছা বলেন, দাতাগোষ্ঠী বা এনজিও খুব বেশি হলে ৪০০ থেকে চার হাজার গৃহকর্মী শিশুকে নিয়ে কাজ করতে পারে। তাই মূল কাজটি সরকারকেই করতে হবে। এ ছাড়া বেসরকারি সংগঠন কাজ করলেও তারা নিয়োগকারীকে কোনো কিছু করতে বাধ্য করতে পারছে না। কেননা, তাদের হাতে কোনো আইন বা নীতি নেই। শুধু নিয়োগকারীকে আহ্বান জানাতে হচ্ছে।