‘হামরা সবাই হাতে খাটি, প্যাটে খাই অবস্থা। একদিন আনন্দের জন্য পিকনিকে গেনু (গেলাম) হাসতে হাসতে আর আইনু (এলাম) কানতে কানতে।’ গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের গোরস্থানে কান্নাভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন ফয়জুল হক।
গত শুক্রবার বিকেলে পিকনিক থেকে ফেরার পথে বিলের পানিতে বাস উল্টে নিহত তিন ব্যক্তির জানাজা শেষে সেখানে দাফন করা হচ্ছিল। ফয়জুলও সেদিন ওই বাসে ছিলেন।
এ সময় কথা হয় দুর্ঘটনাকবলিত ওই বাসের যাত্রী আবদুল মালেক, মুক্তিযোদ্ধা দুরুল হোদা, মো. টুকুসহ আরও অনেকের সঙ্গে। তাঁরা বলেন, গ্রামের গোরস্থানে একসঙ্গে চারটি লাশের জানাজা ও দাফন হচ্ছে। সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন হলেন আবদুল করিম, মো. হাসেম আলী ও এন্তাজুল হক। এঁদের সঙ্গে গ্রামের এক বৃদ্ধাকে দাফন করা হচ্ছে। একসঙ্গে চারজনের জানাজা এ গ্রামের গোরস্থানে আর কখনো হয়নি।
তাঁরা আরও বলেন, এক সপ্তাহ ধরে অনেক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং পিকনিক স্পটে যাওয়ার জন্য আয়োজন চলছিল। অনেক আনন্দ নিয়ে বাসে চড়ে পিকনিকে যাওয়াই কাল হলো। এই স্মৃতি আজীবন মনে থাকবে তাঁদের। আর কষ্টের ফল আজীবন ভোগ করবেন নিহত পরিবারগুলোর সদস্যরা। কেননা নিহত তিনজনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
নিহত আবদুল করিমের (৩৫) বাড়িতে গিয়ে দেখা যায়, তিন শিশুসন্তানকে পাশে নিয়ে আহাজারি করছেন তাঁর স্ত্রী রোকেয়া বেগম। প্রতিবেশী ও স্বজনদের চোখে পানি। কোনো কথাই বলতে পারলেন না রোকেয়া বেগম। পাশে থাকা এক নারী বলেন, ‘করিমের পরিবারকে দেখার মতো কেউ নেই। বাবা অসুস্থ। ছোট ভাই, স্ত্রী-সন্তান নিয়ে দিনমজুরি করে কোনোমতে সংসার চলত।’
প্রতিবেশী নারী কারিমত বেগম বললেন, ‘অকূলপাথারে ফেল্যা গ্যাল করিম বহু (বউ), ছ্যালাপিল্যাকে (ছেলেমেয়ে)। থাকার ঘরখানটাও ঠিক নাই। খাইবে কী, আর পিনবে (পরবে) কী?’ তিনি জানান, করিমের এক ছেলে মিজান আলী (১০) আর দুই যমজ মেয়ে ইশিতা খাতুন (৯) ও নিশিতা খাতুন (৯)। তিনজনই তৃতীয় শ্রেণিতে পড়ে। অভাবের কারণে নিশিতা খাতুনকে রাখা হয়েছে নানার বাড়িতে।