‘গেরামডা বোধয় আর পাপমুক্ত হইতে পারল না’
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া মানবতাবিরোধী অপরাধের রায়ে তাঁর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।গোলাম আযমের পৈতৃক বাড়ি উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৬৫) বলেন, ‘বাজান, এই রায়ে মোডেই খুশি হই নাই। মনে করছিলাম, তাঁর ফাঁসি হইলে আমাগো গ্রামডারে ভবিষ্যতে আর কেউ রাজাকারের গ্রাম কইতে সাহস করব না। কিন্তু শেষ পর্যন্ত গেরামডা বোধয় আর পাপমুক্ত হইতে পারল না।’তবে বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আহমেদ বলেন, ‘এই রায়ে আমরা গ্রামবাসী খুশি। আদালত যা রায় দিয়েছেন, তাতে আমরা খুবই সন্তুষ্ট।’নবীনগর পৌর এলাকার বাসিন্দা ছাত্রনেতা ওমর ফারুক বলেন, ‘এ রায় অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই কুলাঙ্গারের ফাঁসি না হওয়া পর্যন্ত নতুন প্রজন্মের আন্দোলন চলবে।’নবীনগর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বলেন, ‘মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো রায় মানি না। আদালত তাঁর বয়সের কথা উল্লেখ করে যে রায় দিয়েছেন, তা আমরা মানতে পারিনি। কারণ, ১৯৭৫ সালে পঙ্গু অবস্থায় কর্নেল তাহেরের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে তাহলে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছিল?’