কেন্দ্রীয় নেতাদের নির্দেশে প্রচারণার শেষ দিকে এসে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ানোয় চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে এখন লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। আওয়ামী লীগে দুজন প্রার্থী থাকায় দলের নেতা-কর্মীরা এত দিন বিভক্ত ছিলেন। নির্বাচনে ‘গোলযোগ’ হতে পারে এমন শঙ্কাও ছিল অনেকের মনে।
তবে গত বৃহস্পতিবার বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই ‘গোলযোগের’ শঙ্কা কেটে গেছে বলে মনে করছেন নেতা–কর্মীরা।
রাউজান ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেজবাহ উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে রাউজানে নিম্নচাপের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভীতি ছিল ভোটারদের মনে। কারণ, আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিতের বিরুদ্ধে বিদ্রোহী মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ছিলেন। দুজনই মাঠে থাকাতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখন ভোটারদের মধ্যে স্বস্তি এসেছে।
একই রকম অনুভূতির কথা জানান ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহেদ আলম। তিনি বলেন, ‘ভোটে মারামারির আশঙ্কা ছিল। সাইফুল ভাই সরে যাওয়ায় এখন আর গন্ডগোলের আশঙ্কা নেই।’
উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, নৌকা প্রতীকের দেবাশীষ পালিত শুরুতে কিছুটা কোণঠাসা ছিলেন। কর্মীদের বেশির ভাগই তাঁর সঙ্গে ছিলেন না। তাঁরা সাইফুল ইসলাম চৌধুরীর পক্ষে ছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতাদের সরাসরি হস্তক্ষেপে সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনজন কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় সাংসদ দুই মেয়র পদপ্রার্থীকে নিয়ে চট্টগ্রামে সমঝোতা বৈঠক করেন।
জানতে চাইলে ৩ নম্বর ওয়ার্ডের ভোটার নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ প্রথম আলোকে বলেন, ‘রাউজান সব সময় সংগ্রামী ভূমিকা রেখে আসছে। বিপ্লবী সূর্য সেন, কবি নবীন সেন, কবি দৌলত কাজী, গবেষক আবদুল হক ও কবি মাহবুবুল আলম চৌধুরীর জন্মস্থান রাউজান। এবারের নির্বাচনকে ঘিরে একটি গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আশা করছি, সবাই শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবে।’
সমঝোতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী দেবাশীষ পালিত। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সব নেতা-কর্মী আমার জন্য, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকার জন্য মাঠে নেমেছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীও (বিদ্রোহী সাইফুল ইসলাম চৌধুরীর বাবা) আমার পক্ষে কাজ শুরু করছেন। তাঁর প্রতিও আমি কৃতজ্ঞ।’
প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি ভাব কেটে গেলেও হাল ছেড়ে দেননি বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র কাজী আবদুল্লাহ আল হাছান। তিনি বলেন, ‘গণসংযোগে বিপুল সাড়া পাচ্ছি। তবে ভোটারদের প্রশ্ন, তাঁরা ভোট দিতে পারবেন কি না? এর জবাব আমার জানা নেই। কারণ, রাউজানে একজনের ইচ্ছায় সবকিছু হয়। এ জন্যে জনগণ আতঙ্কে আছে।’
পাঁচ বছর আগেও একই আতঙ্কের কথা বলে পরে মেয়র নির্বাচিত হয়েছিলেন, তখন কি সুষ্ঠু ভোট হয়নি, এমন প্রশ্নের জবাবে কাজী আবদুল্লাহ বলেন, ‘তখন আতঙ্কের মধ্যেও জনগণ নীরব বিপ্লব ঘটাতে পেরেছিল। এবার কি সেই নীরব বিপ্লব ঘটানোর সুযোগ পাবে?’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রাউজান উপজেলা নির্বাহী অফিসার কুল প্রদীপ চাকমা প্রথম আলোকে বলেন, রাউজানে নির্বাচনী প্রচারণায় কোনো অঘটন ঘটেনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের দুজন প্রার্থী ছিলেন। একজন সরে যাওয়ায় সব ধরনের শঙ্কা ও চাপ দূর হয়ে গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের সাইফুল ইসলাম চৌধুরী গত বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তাঁর নাম ও প্রতীক থাকবে।
মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীর পাশাপাশি মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী মীর মো. মনসুর আলম, যাঁর প্রতীক মোবাইল ফোনসেট। তাঁর পোস্টারে ছেয়ে গেছে রাউজান পৌরসভার অলিগলি।
রাউজানে শুধু মেয়র পদেই নির্বাচন হবে। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের মোট ১২ জন কাউন্সিলর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।