'গোলাগুলিতে' নিহত যুবক মাদক ব্যবসায়ী দাবি র‍্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ কমলাপুরে গত বুধবার মধ্যরাতে র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত যুবকের নাম আলতাফ হোসেন ওরফে সাগর (৪০)। র‍্যাবের দাবি, মাদক উদ্ধারে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‍্যাবের পাল্টা গুলিতে মাদক ব্যবসায়ী আলতাফ মারা যান। তবে স্বজনদের দাবি, আলতাফ সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী নন।
গতকাল বৃহস্পতিবার র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৩-এর কাছে গোপন খবর আসে, মতিঝিল এলাকায় একটি চিহ্নিত চক্র বেশ কিছুদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩-এর উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান, ডিএডি জাকির হোসেন ও ইউনুস আলীর নেতৃত্বে রাত পৌনে ১২টার দিকে কমলাপুর বালুর মাঠ গ্যারেজপট্টি এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। একপর্যায়ে নওশাদ অটোমোবাইল নামের গাড়ি মেরামতের ওয়ার্কশপের ভেতর থেকে সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব আত্মরক্ষার্থে গুলি চালালে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ সন্ত্রাসী আহত অবস্থায় নিজেকে আলতাফ হোসেন ওরফে সাগর হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাঁকে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলতাফের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পালের করা সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে ১৫টি গুলির চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে।
র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুলেটপ্রুফ পোশাক পরা র‍্যাব সদস্য মনোয়ারুল হকের বুকে গুলি লাগলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এতে তিনি সামান্য আহত হন। আহত মনোয়ারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র‍্যাব দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি, ১ হাজার ২০৪ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ও এবং মাদক বহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
র‍্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, আলতাফ হোসেন অস্ত্র ও মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। বক্স কালভার্ট এলাকায় সরকারি খাসজমি দখল করে ওয়ার্কশপের আড়ালে মাদক ব্যবসা চালানো হচ্ছে। আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় আলতাফের স্ত্রীও আসামি।
অবশ্য র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মামলার কথা বলা হয়েছে।
গতকাল দুপুরে দক্ষিণ কমলাপুর বক্স কালভার্ট এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে অন্তত ২০-২৫টির মতো গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নওশাদ অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে আলতাফকে গুলি করা হয়। ওয়ার্কশপের মালিক নওশাদকেও আটক করেন র‍্যাব সদস্যরা। ওয়ার্কশপটিতে গতকাল তালা লাগানো ছিল।
এলাকার ওয়ার্কশপ ও দোকানের মালিকসহ ১০ জনের কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, রাত ১১টার পর দুটি গাড়িতে র‍্যাব সদস্যরা এসে বক্স কালভার্ট এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। ওই এলাকায় যে কয়টি দোকান খোলা ছিল, তাঁদের দোকান বন্ধ করে বাসায় চলে যেতে বলা হলে তাঁরা চলে যান। ওয়ার্কশপ ও দোকানের পেছনে থাকেন এমন দু-তিনজন জানান, রাত ১২টার দিকে কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
দুজন দোকানি বলেন, আলতাফকে তাঁরা সাগর নামে চিনতেন। মাঝেমধ্যে তিনি একটি লাল গাড়িতে এসে ফারুক ও নওশাদের গ্যারেজে আসতেন। ঘটনার ঘণ্টা দেড়েক আগেও তাঁরা তাঁকে দেখেছেন। একজন দোকানি জানান, তাঁরা সাগরের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড দেখেননি।
নওশাদ অটোমোবাইল ওয়ার্কশপের সামনে গতকাল দুপুরে তাঁর স্বজনেরা জড়ো হয়েছিলেন। নওশাদের স্ত্রী তামান্না আহমেদ প্রথম আলোকে বলেন, র‍্যাব নওশাদকে তাঁর ওয়ার্কশপ থেকে আটক করে নিয়ে গেছে। প্রতিদিনের মতো বুধবার রাতে পল্লবীর বাসায় নওশাদ না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন। গতকাল সকালে নওশাদের কর্মচারীর মাধ্যমে নওশাদের আটকের কথা তাঁরা জানতে পারেন। তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো থানায় মামলা নেই। তিনি নেশাও করেন না। গ্যারেজের সামনে রাখা মোটরসাইকেল দেখিয়ে তিনি বলেন, এই মোটরসাইকেলে নওশাদ বাসা থেকে আসা-যাওয়া করতেন। নওশাদের বোন নুসরাত জাহান বলেন, আটক করলেও র‍্যাবের পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি।
এ ব্যাপারে র‍্যাব-৩-এর পরিচালক গোলাম সারোয়ার বলেন, কমলাপুর থকে নয়, রামপুরা এলাকা থেকে নওশাদকে ফেনসিডিলসহ আটক করা হয়। অভিযানের আগে যান চলাচল বন্ধ করা হয়নি বলেও তিনি জানান।
গতকাল সন্ধ্যায় আলতাফের স্ত্রীর বড় বোন আসমা বেগম ও তাঁদের প্রতিবেশী পরিচয়ে ২০ নারী ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে আলতাফের লাশ শনাক্ত করেন। তাঁরা জানান, আলতাফ তাঁর স্ত্রী নাজমা বেগম ও তাঁদের দুই সন্তান নিয়ে উত্তরার ৭ নম্বরে সেক্টরে থাকেন। তাঁর বাড়ি বাগেরহাটের সদর উপজেলার বাগমারায়। আসমা বেগম দাবি করেন, কমলাপুরে বক্স কালভার্ট এলাকায় তাঁর ওয়ার্কশপ রয়েছে। সেখানকার কয়েকজন ওয়ার্কশপ মালিকের সঙ্গে আলতাফের বিরোধ চলছিল। তাঁরা দাবি করেন, আলতাফ মাদক ব্যবসায়ী নন। টিভিতে প্রচারিত খবর দেখে তাঁরা আলতাফকে শেষবারের মতো দেখতে এসেছেন।