'গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জড়িত থাকায় মামলার কাজ বিলম্বিত হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম

পোশাক শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম (৪১) হত্যার ঘটনায় তিন বছরেও ধরা পড়েনি একজনও। তাঁর স্বজন ও সহকর্মীদের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজনের সঙ্গে সরকারের একটি গোয়েন্দা সংস্থা ও ঢাকা ইপিজেডের কয়েকজন কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণিত হয়েছে। কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার ভয়ে ওই কর্মকর্তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ না করেই পুলিশ তদন্ত শেষ করেছে। মামলার কার্যক্রমকে নানাভাবে বিলম্বিত করা হচ্ছে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডাব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা আমিনুল ইসলাম গত ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন ৫ এপ্রিল তাঁর ক্ষতবিক্ষত লাশ মেলে টাঙ্গাইলের ঘাটাইলে। তিন বছরেও ওই হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদ জানিয়ে তাঁর সংগঠন বিসিডব্লিউএস গতকাল এই সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনের সংগঠনের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, গোয়েন্দা সংস্থা ও ঢাকা ইপিজেডের কর্মকর্তাদের ঠিকমতো জিজ্ঞাসাবাদ না করেই পুলিশ তদন্ত শেষ করে অভিযোগপত্র দিয়েছে। সেই অভিযোগপত্রে পুলিশ এই হত্যার জন্য শুধু মোস্তাফিজুরকে (গোয়েন্দা সংস্থার সোর্স) দায়ী করছে। তিনি বলেন, ‘কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই মোস্তাফিজুরের একার পক্ষে এই খুন করা সম্ভব নয়। তাঁর সঙ্গে আরও কে ছিল, কোন গাড়িতে তাঁকে তুলে নেওয়া হয়েছিল, কোথায় তাঁকে হত্যা করা হয়েছে ইত্যাদি কোনো প্রশ্নের জবাব অভিযোগপত্রে মেলেনি। আমরা মনে করি, গোয়েন্দা সংস্থা ও ডিইপিজেডের কর্মকর্তারা প্রভাবশালী হওয়ায় তাঁদের অভিযোগপত্রে আসামি বা গ্রেপ্তার করা হয়নি।’
কল্পনা আক্তার বলেন, অনেক চেষ্টার পরে তাঁরা মামলার নথিপত্র সংগ্রহ করেছেন। এখন অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেওয়ার প্রস্তুতি নিয়ে রয়েছেন। কিন্তু নিয়মানুযায়ী আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পরে আদালত থেকে বাদীর কাছে একটি চিঠি যায়। সেই অভিযোগপত্র দেড় বছর আগে দেওয়া হলেও সেই চিঠি এখনো আসেনি। এ কারণে তাঁরা নারাজি দিতে পারছেন না। সহকর্মীদের অভিযোগ, সরকার মামলাটিকে বিলম্বিত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমেরিকা, কানাডা ও ইউরোপের নয়টি শ্রমিক ইউনিয়ন ও শ্রম অধিকার সংস্থা আমিনুল হত্যার বিচার চেয়ে এ বছরও প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছে। সেই চিঠির অনুলিপিও সাংবাদিকদের দেওয়া হয়।