'গো' ব্রডব্যান্ড সেবা নিতে পারবে না সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে ‘গো’ ব্রডব্যান্ডভিত্তিক ইন্টারনেট সেবা নিতে পারবে না রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন ভঙ্গ করে সোনালী ব্যাংককে এমন সেবা দেওয়ার জন্য গ্রামীণফোনকে আর্থিক জরিমানা কেন করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হয়েছে।

সারা দেশে সোনালী ব্যাংকের ৫১১টি শাখায় অনলাইন ব্যাংকিং কার্যক্রম এই গো ব্রডব্যান্ডের নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে এই সেবায় এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস নামের দুটি প্রতিষ্ঠানও রয়েছে। এই দুটি প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বিষয়টি সম্পর্কে গ্রামীণফোন এক বিবৃতিতে জানিয়েছে, বিটিআরসি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যখন আমাদের এ বিষয়ে চুক্তি হয়, তখন তারা বিটিআরসির অনুমোদন থাকার বিষয়টি জানিয়েছিল। এখন যদি বিটিআরসি এই সেবাকে অবৈধ বলে তাহলে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দেব। এই নেটওয়ার্কের বাইরেও আমাদের বিকল্প সংযোগের ব্যবস্থা থাকায় কোনো সমস্যা হবে না।’