'গৌড়মতি' আমের মাতৃগুণ ঠিক রেখে চারা তৈরির উদ্যোগ
‘গৌড়মতি’ আমের মাতৃগুণ পুরোপুরি ঠিক রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের অধীনে চারা তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের একমাত্র গৌড়মতি আমগাছটির কাছে সমবেত হন উদ্যানতত্ত্ববিদেরা।
সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম কামরুজ্জামানসহ দেশের বিভিন্ন স্থানের কৃষি উদ্যানকেন্দ্রের (হর্টিকালচার সেন্টার) উদ্যানতত্ত্ববিদেরা গতকাল দেশের একমাত্র গৌড়মতি জাতের আমগাছটির কাছে জড়ো হন। এ সময় কামরুজ্জামান বলেন, আমের আঁটি থেকে গজানো চারার সঙ্গে মাতৃগাছের উপযুক্ত ডগার (সায়ন) কলম করে তৈরি চারাতেই কেবল পুরোপুরি মাতৃগাছের গুণাগুণ ঠিক থাকে। সে জন্য গৌড়মতি গাছের আম সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্থান থেকে আম উৎপাদনকারী এলাকার উদ্যানতত্ত্ববিদেরা এখানে এসেছেন। ২৫টি হর্টিকালচার সেন্টার এ পদ্ধতিতে চারা তৈরি করতে আম সংগ্রহ করল। এই গৌড়মতি নাবিজাতের (বিলম্বিত মৌসুমের) একটি অত্যন্ত সুস্বাদু আম বলে উল্লেখ করেন কামরুজ্জামান।